যদি
তোমাকে পেতে পারি
বৈভব বিস্ময় যদি থাকে আয়নার মুখোমুখি ।
শাক-পাতা মাগুর মাছের মতো কিছু একটা
যদি থাকে ।
পেতে পারি আমি ছায়ার শরীর
অথবা অন্যকিছু, প্রিয়তম এক গ্লাস মদ
অথবা মিলিত লতা-গুল্মের গাছ ।
কে জানে কিসে দগ্ধ আমি
প্রেম ! নাকি অন্যকিছু ?
নদীর ধারেই তো বসেছিলাম সাড়ারাত
তোমারই জন্যে ।
বুনো মেঘের সাথে কতদিন বদল করেছি
সন্ধ্যা রাত
তোমারই জন্যে ।
লন্ঠন হাতে ঝরো হাওয়ার বিরুদ্ধে কতদিন হেঁটে গেছি
নদীর বাঁকে
তোমারই জন্যে ।
পালঙ্কে দেওয়াল ভেঙেছি বহুবার
যদি কথা বলে পাথর একবার মুখ তুলে ।
যদি পেতে পারি একবার বৈভব বিস্ময় ছাড়া
শান্ত গোধূলীর বুকে
তোমার গোপন ঘ্রাণ
শূন্যতার লোমশ বিছানায়
মাদলের তালে
অথবা আমার কবরের কাছ,
প্রেতবনে, বুনো সব মানুষের থেকে দূরে ।
প্রেম
তোমার জন্যে এঁকেছিলাম ছবি ঘর দিনের শেষে
গোপন কিছু কথা ছিল মেঘের সাথে দিনে দুপুরে
তোমার জন্যই রাত জেগেছি সন্ধ্যে থেকে,
ভুল কি ঠিক জানতে গিয়ে তোমাকে লিখি খাতার ভাঁজে ।
ছবি ঘরের চার দেওয়ালে আমার কথা তোমাকে নিয়ে
লিখতে লিখতে ঘুমিয়ে পড়ি জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে ।
বিবর্ণ
এমন একটা শূন্যতা ছিল তোমাকে দেখার চোখের মাঝে
রোদ্দুর কখন ঘর থেকে বেড়িয়ে গেছে
অসুস্থ ফুল দেখার পরেও বুঝতে অনেক সময় লাগে ।
বাক্যগুলো লেখায় ছিল তোমার চোখে
সমুদ্রের নীল আলো শুধু খেলা করে বিস্বাদ বুকে ।
কিছু বাক্য তোমার জন্যে লিখে ফেলি গদ্য পদ্যে
কিছু গল্প শেষ হয় পরিচিত শব্দ কল্পে
ফুলের ভাষা অতৃপ্ত হৃদয় জুড়ে, তুমি জানতে
তাই বার বার ফিরে আসি তোমার কাছে
এই বন্দরে উজান ঢেউয়ে
কোথায় আছো, কোথায় থাকো, আজ ও কাল, দুপুর অথবা
নিশীথ রাতে
ব্যথিত মন তোমার খোঁজে নির্বিকার বৃক্ষ রূপে ।
সব কিছুই কি মিথ্যে ছিল তোমার আমার ছোট্ট কাব্যে
মৌলালীর মোড় অথবা তিস্তার চরে ।
সব কিছুই যদি জানা থাকতো আগের থেকে সদ্যজাত
শিশুর বুক ।
স্বপ্নাচ্ছন্ন আকাশটাকে তোমাকে দিতাম স্বপ্ন দেখতে ।
এলোমেলো
যখন খুশি যেমন খুশি তোকে ভাবতে পারিনা
কখনো বাতাস এসে নিভিয়ে দেয় আলো
কখনো বা চাঁদের পাখিরা উড়ে যায় সূর্য্যের দিকে
আমি জানতেও পারিনা ।
কালো মেঘগুলো বড়ো দূরন্ত, ঝাঁপিয়ে নামে বৃস্টি,
তুই শীতে হারিয়ে গিয়েছিলি হলুদ বনের ভীড়ে
তারপর থেকে আকাশ মেঘলাই থেকে গেলো
বৃস্টি এলো, ভাসিয়ে দিলো আমার ঘরদোর, উঠোন
আমার বিছানা, আমার কাগজ পেন্সিল
আর দূরে দিগন্তের কাছে তুই মেলে ধরলি
তোর বেগুনি ডানা
সবাই ভেবেছিল রামধনু রঙ লাগবে আকাশে
কিন্তু আমি তো জানতাম ওটা আসলে তোরই সৃস্টি ।
যখন খুশি যেমন খুশি তোকে লিখতেও পারিনা
কাগজের আকার একাকার হয় ফুটপাত বারন্দায়
তোকে লিখতে বসলেই প্রথমেই মনে হয় কি লিখবো
আমার প্রেমের কথা তো তেমন কিছু নেই
কিছু গান ছিল মাত্র ছন্দবিহীন
কিছু গল্পছিল মাত্র ঘটনাবিহীন ।
একদিন কাব্য লিখতে লিখতে কখন যেন ভুল করে ফেলি
ভুলগুলো ঠিক করতে করতে একটা ক্লান্তি আমাকে
টেনে নিয়ে যায় ঘুমের দেশে
আর ঘুম থেকে উঠে তোর কথা মনেই পড়েনা ।
বিড়ম্বনা
ছড়িয়ে দাও আঁচলের বিষাদ,
একফালি চাঁদে ।
বসন্তের ক্ষতে জমে ওঠে হিম-ঘর
দানবী স্রোত ফেরে চাঁদের থালাতে ।
দৃশ্য-অদৃশ্যের প্রয়াস সরল তরল হয়ে
দোলায় দোদুল্যমান পাখিদের কথা বলে
সহসা পৃথিবীর বুকে
নীল-লাল-তারাদের দেশে ।
তোমার আঁচলের বাঁক নির্লিপ্ত প্রেমের মতোই ডাকে
বার বার খয়েরি স্বপ্ন নিয়ে,
অভিলাষী বারুদের ঘ্রাণে
বিপন্ন পাখির মতো ।
বিষণ্ণ বিস্ময়গুলো অসুস্থ গণিকার মতো
ইতস্তত ঘুরে আসে আমার জানালায়
কদর্য প্রেম নিয়ে ।
মৌলিক বিষাদ
কি আসে যায় তাতে
আমি থাকি অথবা না থাকি এই বসন্তে ।
এই সবুজ বনোভূমি,অচেনা ঝরণার গায়ে
গৌধূলীর গান
তিস্তার চর
অথবা মৌলালীর মোড়
অথবা আমার শহরের বাসস্টপ
অথবা তোমার অনুভবে প্রথম পুরুষের চুম্বন
অথবা প্রথম কাউকে ভালোবাসা, প্রেম-পরিণয়
অথবা ইটের পাঁজার ভাড়ে হারানো কবিতা
অথবা ভুল স্টেশনে খুজে ফেরা তোমার ঠিকানা
অথবা বহু প্রাচীন গ্রন্থের ভাঁজে বন্দি জীবন
অথবা মাতাল সন্ধ্যায় তোমাকে উজাড় করা প্রেম
অথবা তোমার থেকে শেখা ফুলের ভাবনা
জুঁই-টগর-মাধবীলতা অথবা হলুদ গোলাপ
অথবা বানানে লেখা তোমার নাম প্রথমবার
সবই তো পূরনো আজ এক ঘেয়ে জীবনের মাঝে ।
অবেলার ডাক
কখনো মেঘ ডাকলে পেছন ফিরে তাকিও না
সে তোমাকে ভিজিয়ে দেবে জলে ।
কাছাকাছি এসো তবে জড়িয়ে ধরো না বুকে
কে জানে বাবলার কাঁটা ছিঁড়ে নিতে পাঁজরের ভাষা ।
বৃস্টি যদি আসে আঁধারের ভোরে
তাকে চুম্বন দিও,
আলিঙ্গনে ভিজে যাবে তোমার আকাশ ।
চলে যেতে চাও তোমার পুরুষের কাছে
চলে যাও আমি তো বারণ করিনি কখনো
শুধু শুধু বৃস্টিকে কেন ডাকো এই দপুরের রোদে ।
অতীত
কি যেন বলতে চেয়েছিলাম তোমাকে সেদিন
মৌন বিষণ্ণতা আমাকে ডেকেছিল
কি জানি কখন সবকিছু নিরব থেকে গেলো
জানাছিল শুধু ব্যাস-ব্যাসার্ধ্যের কিছু নিয়ম নীতি,
আর কিছু কথা
আর কিছু স্মৃতি
তোমাকে হারানোর স্মৃতি আজ নেই কোন
মনে পড়ে বহুবার দিন প্রতিদিন ।
কিছু কিছু ভোরের গল্প
ফুল চুরি করে হাত ধরে শেষবার ফিরেছিলাম
যে যার ঘরে ।
তারপর আর কোথায় দেখা হলো ?
তোমার স্কুলের সব মেয়েরাই ছিল স্কুল গেটে
আসা ও ফেরার পথে
সাইকেলে প্যাডেল দিয়ে তোমাকে দেখিনি আর,
সেই শেষ দেখা ভোরের সকালে ।
তারপর একটা দশক পার হয়েছিলাম
তারপর একটা যুগ পার হয়েছিলাম
অথচ কোনদিন আগুন জ্বালাতে পারিনি বুকের ভেতর
তোমার জন্যে
আগুনে পোড়াতে পারিনি হৃদয়ের জঞ্জাল অথবা ঘাস ।
দূরে আছো জানি
কত দূরে থাকো তুমি সেটা জানার ইচ্ছেছিল না কোনদিন
কাছে আসবে না আর কোনদিন
এসেই বা করবে কি ?
এখন মহানন্দার চরে শালিখের কিচির মিচির হারানো অতীত ।
শুধু পেন্ডুলামটা দোল খায় রাতদিন
সময়ের পাখিরা ডাকে ভোরের কিছু গান নিয়ে ।
বিনিময়
আলো দাও ঘর ভরে
অন্ধকার দাও আকাশ জুড়ে
ঠোঁটে ঠোঁট দাও ঝিনুক বাগানে ।
আমলকি বাগানে এসো একা
গানের কিছু সূর নিয়ে ।
মদ্যপ দুপুরে মদের প্রয়োজন নেই
কাব্যের ভাগাড়ে মাতাল হবো দুজনে
তুমি ছবি আঁকবে
আর আমি চেয়ে থাকবো তোমার ক্যানভাসে ।
গাছ পাকা খেজুরের মন নিয়ে
এক একটা পাখি উড়িয়ে দেবো আকাশে ।
সন্ধ্যা হবার আগেই ফিরে আসবো
ঘরে ।
তুমি চলে যেও তোমার পুরুষের কাছে
আমি খুলে বসবো পুরণো সিন্দুক
আর তোমার সেই খেলনা বাটি ।
আলো দাও ঘরে ভরে
অন্ধকার দাও আকাশ জুড়ে ।
আজ কোন গান শুনবো না
কবিতা পড়বো না
কোন ছবির কাছে দাঁড়িয়ে চিন্তা করবো না
ঋতিকের ছবির ভাষা বলবো না
'পুড়ছে বিশ্ব ব্রভান্ড পুড়ছে, আমিও পুড়ছি'
শুধু এই নস্ট আত্মার সাথে জড়িয়ে থাকা
শরীরে খুঁজে বেড়াবো মাটির গন্ধ,
মানুষের কিছু কথা
কিছু ভাষা
কিছু বিনিময়ের জীবন যাপন
কিছু কথা তোমার আমার,
পুরণো খাতায় যা লিখেছি কোন একদিন ।
আর গিলোটিনের আলোতে
আমার মস্তিস্কর কোষগুলো জেগে উঠবে
বার বার হত্যার জন্য,
ঘাতকের এই গোলাপ বাগানে
ফুটবে আরো কিছু লাল গোলাপ
আমার রক্তের বিনিময়ে ।
আজ শুধু অন্ধকার দাও আমার আকাশে ।
অবুঝ মন
খুঁজে পেয়েছি একটা নীড়
শরতকালের অসংবৃত নদীর তীর ।
ঘাসগুলো কেমন লাফিয়ে ছোটে
ভুল বা ঠিক
ভাবতে ভাবতে উন্মাদের রাত্রি কাটে ।
তোকে চিনেছি এক ভাষাতে
হলুদ ফুলের পাহাড়ী গানে,
বুকের মাঝে ।
ছোট পথ ছোট কিছু কথা
ঘন্টা দুই হেঁটে গেলেই তোকে জানাবো
দিগন্তের আঁকা চাঁদের ব্যথা ।
আমি কিন্তু ভালোইবাসি দিনে দুপুরে
অথবা রাতে
তুই যেমন প্রতিরাতে ফিরে আসিস স্বপ্ন মেঘে ।
ভেবেছিলাম এখনো ভাবি তোর সত্য তোর মিথ্যে
আগুন নিয়ে আঁকিবুঁকি
কালে ভাদ্রে ।
রাঙাপিসির কিছু কথা তোকে বলেছি
তোকে বলেছি
আমার চেনা নস্ট নীড়ের ভরাট আকাশ
শূন্যতায় ছবির সাথে ।
তোকে বলেছি আমার অনেক সত্য মিথ্যে
অনেক গল্প
তোর মিথ্যে আমি জানি
আমার মিথ্যে তুই ।
তবে কেন সত্যগুলো ভাবতে ভাবতে
জন্মদিনটা যদি ভুলে থাকিস ।
কবিতার জন্যে
কখনো তোমাকে আলোতে দেখতে পাই
কখনো অন্ধকারে
কখনো দিন রাত এক করে ফিরে আসো
কখনো উধাও
কখনো ঝাউবনের পাশে দাঁড়িয়ে থাকো
ফুল হাতে
কখনো কংক্রিটের দেওয়ালে লেখো শ্লোগান ।
কখনো প্রেমের পদ্যে
ভেসে যাও উজানের ঢেউয়ে সাগর দিগন্তে ।
তোমাকে লিখতে ইচ্ছে করলেও
লিখতে পারিনা ।
তেমন ভাষা আমার তো নেই,
ছিলনা কোনদিন ।
শুধু দুপুরের রোদে একটু একটু করে
তোমাকে জন্ম দিয়েছি ।
সন্ধ্যার অন্ধকারে নেশাতুর চোখে
খুঁজেছি তোমাকে
খালাসীটোলা থেকে মালার আড্ডায়
কখনো বা সুখেনের ঘরে ।
কখনো খুঁজেছি জল্লাদের রোমশ হাতে
কখনো বা ফাঁসিকাঠে ।
মৌলালীর মোড় থেকে তিস্তা চড়ে ।
তোমাকে খুঁজতে খুঁজতে
পা থেকে মাথা অব্দি টান টান করে ওঠে
আমার পৃথিবী
আমার যন্ত্রণার বুকে ।
আলোর আঁধারে দেখতে চেয়েছি
তোমার নাভিমূল,
তোমার অনাবিল স্তনের ভাঁজে
খুঁজেছি সামুদ্রিক ঢেউ ।
অতচ দেখো সেই পাতাবাহার গাছটা
একটু একটু করে বেড়ে উঠেছে
আমার নির্জন উঠোনের মাঝে ।
ফুলহীন আলোয় তোমাকেই লিখবো বলে
খাতা পেন্সিল নিয়ে
বসে আছি -
শুধু কিছু যন্ত্রণার জল ভিজে যায়
ছায়া বিন্দুর খোঁজে ।
শব্দহীন কথাগুলো বাক্যের ব্যবধান লিখে ফেলে
অকাল বর্ষণে ।
আমি ও আমাকে
তোকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম
কি যেন তোর নাম
কি যেন তোর পরিচয় ।
শালা জীবনের কিছু কিছু কথা এই রকম
বেঁকাতেড়া হয়ে যায়
তোকে কতোদিন বলেছি
আমার কাছে আসিস না
আমার শরীরের চেয়ে আমার মন অনেক বেশি
ভরাট ।
আমার জন্ম থেকে আমার মরে যাওয়া অনেক সুখের ।
প্রেম প্রেম বলে চিৎকার করে কিছু
হরিণীর দল
এসো প্রেম করো
বিয়ে করো
সংসার করো
নাম দাও
নামের দাম দাও
শপিং মলে এসো দুপুর দুটোয় ।
কিভাবে বেঁচে আছি
আমি ও সুনিল
অথবা সুনিল ও সুনির্বাণ
আমিও জানি না
সুনিলও জানেনা
সুনির্বাণ ও জানেনা ।
মনিয়াও জানেনা
জানবে কি করে
জানতে হলে ডিঙোতে হবে পাহাড় ।
যোধপুর গালর্সের পাশে বাড়ি হলেই তো
হবে না
কালো রঙের কবিকেও তো
লিখতে হবে নতুন কিছু গান
যে গান ঝড়ে পড়বে নেশা হয়ে আমার উঠোনে
আমার বাগিচায়
আমার কবিতায় অথবা
আমার নেশার ফুটপাতে ।
পাখি ও পাখিদের সূর
এক বসন্তের রাতে চুপি চুপি এসেছিল এক ঝাঁক পাখি
দিগন্তের অনেক দূর থেকে
নানা রঙের সেই সব পাখি
কারো হলুদ পাখনার সাথে লাল ফিতের অবগাহন ।
ভীড়ে করে এসেছিল এক সাথে-
যখন সন্ধ্যার বাতিগুলো জ্বলে উঠেছিল রাস্তার চারিদিকে
যখন তুমি পাটভাঙা ওড়নায় হেসেছিলে পূব দিকে চেয়ে,
যখন অফিসের লোকজন
ছুটেছিল বাসের পা-দানিতে ভড় দিয়ে
বাড়ির ঠিকানায় ।
বাড়ির কার্ণিশে ভীড় করেছিল পাখিদের দল,
কেউ কেউ দেখেছিল
কেউ কেউ শুনেছিল এমন ঘটনা ।
কেউ কেউ করেছিল চিৎকার
কেউ কেউ লিখেছিল বিকেলের প্রেম
কেউ কেউ বলেছিল "আবার আসিবো ফিরে" ।
আবার কেউ কেউ মিথ্যে করে বলেছিল
প্রেম ও পরিণয় ।
কেউ তো লিখেছিল "বিধবা যুবতী, দুখানি করুণ আঁখি
মানে না যুকতি" ।
দিগন্তের অনেক দূর দেশ থেকে
সূর নিয়ে পাখিরা ফিরেছিল সেদিন
বাড়ির কার্ণিশে ।
সে বসন্ত অনেকটাই অতীত
বারো বছর হবে হয়তো
অথবা আর কিছুটা বেশি বা কম ।
গানগুলো পুরণো
সূরের বাতাসে এনেছিল কফিনের গান ।
আজো মনে আছে
শব্দগুলো জোড়াতালি দিলেও দেওয়া যেতে পারে ।
বছর পার হবার সাথে সাথে শব্দের
ঘাত কমে যায় ।
এখন হরিণীর আলোকিত জঙ্গলে
পূর্ণিমা কখনো কি বাসা বাঁধে জোনাকীর ঝারে ?
ক্ষুধার যন্ত্রণায় পাখিরা কি কোনদিন সূর দেয়
আমার বাতায়নে ?
তবু এসেছিল তারা বহু দূর দিগন্ত পার করে
এক ঝাঁক-আকাশের আলো নিয়ে ।
নদী পারাপার
সমুদ্রের নোনা জলের ঘ্রাণে
কফিনের স্তব্ধ রাতের আঁধারে ওরা এসেছিল
গান নিয়ে ।
সমর্পণ
তুমি কবিতা লেখো ?
না
তুমি কবিতা লেখো ?
না ।
আমি বার বার প্রশ্নের জবাব দেবার পরেও
ঘাতকরা কিন্তু আমার থেকে দূরে সরে যায়নি ।
তুমি কবিতার কি বোঝ ?
কিছু না
তুমি কবিতার কি বোঝ ?
কিছু না ।
আমার অদ্ভুত লাগে
এই যুদ্ধ যুদ্ধ খেলুড়েরা এরা আমাকে যেনেও
আমাকে কিন্তু ছেড়ে দেয়নি
জঙ্গলের খাতায় ।
ওরা জানতো
আমি কোন পরগণা নিয়ে বসে থাকবো না
আমার দরকার রুটি
রুটি দাও
আমি যুদ্ধে তোমার কথা বলবো ।
রুটি দাও
আমি কবিতাকেও ছুঁড়ে ফেলো দেবো
বিশালাকার নালির মাঝে ।
তবে এই যুদ্ধ কেন ?
আগামীতে ভোট হবে
তোমার শ্লোগান চাই নতুন মিথ্যার
'আচ্ছা দিন তো এলো না'
শুধু কিছু যুবক মরে গেলো
শুধু কিছু মানুষ মরে গেলো ।
তোমার ভয় কোথায় ?
ইলেকশন পাঞ্জাবে ?
আমি কবিতা লিখিনা
আমি শুধু আমার কথা বলি ।
মাতাল হতে কে না ভালোবাসে ।
তোমার জন্যে গোলাপ আমি দিতে পারবো না
গোলাপের আগুনে যে জ্বলেছে
যাকে জ্বালিয়েছে
যারা জ্বলবে বলে বার বার ফিরে যায়
তাদে প্রেমের জন্যে এই গোলাপ ।
অথবা আমার এই নস্ট কবিতা ।
এক ঝাঁক গোলাপ ও তুমি
এক ঝাঁক গোলাপ পাঠানোর ইচ্ছে আমার
অনেক দিনের ,
কিন্তু পাঠানো হলো না
তাই ছবি পাঠিয়ে দিলাম গোধূলীর শেষে ।
গোলাপের ছবি
আলো আঁধারে
অজানা ঠিকানায় ।
বহু বছর আগে চিঠিতে লিখেছিলাম
গোলাপের কথা
অভিমান হয়েছিল
কিছুটা যন্ত্রণা বুকের মাঝে এসেছিল বুঝি ?
মোহনার বুকে ভেসেছিলে সেদিন বৃস্টির জলে
শুধু লিখেছিল এক লাইন -
'ছবিতে লেখো শুধু আমারই নাম' ।
এক ঝাঁক গোলাপ পাঠাবো ভেবেছিলাম
নীলাম্বরী রাতে
মেঘের পাশাপাশি ।
কদাচিৎ আমার মনে হয়
দিগন্তের সজীবতায় রোদ্দুর রঙে
তুমি ছুঁয়েছিলে হৃদ,
যদিও ভুল সেই আকাশ আমার মাথার চারিপাশে ।
শতাব্দীর চক্রাকার ফিকে দৃশ্যরূপ
ঝর্ণার রোদ্দুর
ছুঁয়ে থাকে সামুদ্রিক ছেলে খেলা,
কিছু ভুল
কিছু চিন্তার স্রোত ক্রমাগত ডুব দেয়
মনের গভীরে ।
এক ঝাঁক গোলাপ লিখবো তোমাকে নিয়ে
শব্দের সাথে শব্দ দিয়ে
রঙীন খাতাতে ।
দুপুরের রোদে হেঁটে যাবো
শব্দগুলো আগলে রাখবো মাথার মধ্যে
ল্যাপটপে
অথবা খাতায় ।
এক একটি শব্দ থেকেই তো জন্ম নেবে
আমার প্রেম ভালোবাসা ।
শুধু গভীর নীলাকাশের সাথে
বদল করবো শব্দের আলো ।
হরিণীর চোখের আলোয় খেলা করে ঝরণার মন
গোলাপ বাগানে
একঝাঁক গোলাপের সাথে ।
তিন-অধ্যায়
তোমাকে কিছুটা কাছে পেলে
ভালো লাগে
মাঝে মাঝে কিছুটা দূরে গেলে
ভালো লাগে ।
রাস্তা থেকে ফুটপাতে ঘেরা এই শহরে
কেউ কেউ উঁকি দেয় তোমার আমার ঘরে
উঁকি দিয়ে দেখতে পায় এক বিঘত বিছানার পাশে
আমাদের সংসার
একটা টবে সতেজ মানিক-প্ল্যান্ট
তার পাশে টিভি
তার পাশে আলমারী
তার পাশে কিছু বাদামী রঙ- ওঠা ছবির মাঝে
মায়ের সেই বাংলার মুখ ।
মাঝে মাঝে তোমার হাসি আমার ক্লান্তি
দূর করে
মাঝে মাঝে তোমার হাসি আমার ক্লান্তি
এনে দেয়
কখনো নদীর স্রোতে বিপরীতে সরে গেছি
কখনো নদীক স্রোতের কাছে নিয়ে গেছি
ভোর রাতে
আমার কালো আকাশ
আমার কালো মেঘ
আমার কালো শরীরে
যতগুলো আঘাত তুমি দিতে পেরেছো এতোদিন
ঘাতকের কবিতায় লেখা আছে
তার হিসেব
অন্য এক পৃথিবীর জন্যে
তোমাকেও লিখে ফেলি আমার কাব্যে ।
তোমাকে ডাকলেই তুমি মুখ ফিরিয় নাও
উলবোনার গল্পে বিভোর থাকো এখনো
কমলার লেবুর ভাঙা দুপুরে
কত ভাবেই ডেকেছি তোমাকে
জালানার পাশে
শরতের মিছিল হবে বলে চলে গেছো রাস্তার মোড়ে ।
ফিরে দেখোনি
দেখোনি কেন ডাকে বার বার বিকেলের আলোয় ।
এলোমেলো -৬৬
কেন যে এমন হয় সব কিছু গাণিতিক আকার
মেলাতে পারিনা সরল ব্যাকরণে
প্রণয়ের বেদনা, নীরব ক্ষুধার আকার,
গোপন ইস্তিহার,
বসন্তের বন্যায় ফেরায় না কিছুই লিপিবদ্ধ
সেই কৈশোরে ।
কেন যে এমন হয় ক্ষুধার আকার
নিশীথের কবিতার মতো
তরঙ্গ ফুরিয়ে যায় প্রণয়ের সন্নিকটে ।
তবু এই লাবণ্যপুঞ্জে উক্লাপাত হয় কখনোবা
বিরক্তির বাক্য হারায় কলহপ্রবণে ।
কৃষ্ণনামে কত কথা
কত প্রবচন হৃদয়ের মাঝে
কত ক্লান্তির গান
কত সন্ধ্যাবেলা শূন্যতার ছবি আনে
রমণীয় মনে ।
তবু মন কথা বলে ক্ষুধার শূন্যপথে
দৃশ্য-অদৃশ্যে মাঝে
পূর্ণ্যতা খোঁজে চাঁদ ক্ষতের আড়ালে ।
কেন যে এমন হয় সব কিছু গাণিতিক আকার
কে জানে !
বিভ্রম মেঘের দেশে বালিকার সেই চপলতা
প্রত্যাশা নিয়ে আসে ছায়ার সন্ধানে ।
ছেঁড়া ক্যানভাস
আজ তোমাকে আমি কিছুই বলবো না ভাষাতে
শুধু চেয়ে থাকবো অই কালো হরিণী চোখের দিকে ।
দূরে আছো তো কি হয়েছে
আমি তো দেখতে পাচ্ছি তোমার কালো শরীরের ভেতর
শরীরটাকে
আমি তো শুনতে পাচ্ছি তোমাকে, তোমার নিঃশ্বাসে
তোমার আগুনে , তোমার ডানার ঝাপ্টায় আমি খুঁজে
খুঁজে পাচ্ছি এক একটা দিন ও দিগন্ত ।
আমার ভালো লাগাগুলো অনেকটা দূরেই ফেলে দিয়েছি
তোমার বসন্ত এলে আমিও রঙিন হবো একদিন ।
যাপন করবো আলোছায়াময় রাত্রিদিন তোমার সঙ্গে
তোমার কালো স্তনে ভরে দেবো পূর্নিমার চাঁদ
গোলাপ বাগানে ।
অদ্ভুত রঙিন মেঘের আড়ালে, ফুটফুটে জোছনায়,
ভায়োলিনের সূরে নেচে উঠবে বাঁশ-বাগানের আঁধার
বিষাদ বিস্ময়ে ।
প্রিয় কোকিলের সূর এনে দেবো পাঁজরের চিৎকারে ।
তারপর পুঞ্জিত মেঘের সমারোহে হঠাৎ একদিন
ছিঁড়ে যাবে আমার ক্যানভাস
কাব্যের বিপন্ন প্রত্যয়ে উড়ে যাবে ভয়ার্ত পাখির দল
অদৃশ্য ফাল্গুনে ।
একটা খোঁজ
ভালোবাসতে পারিনি তোমাকে
কিভাবে ভালোবাসা যায় আমি তো দেখিনি তোমার হৃদয়ে
শুধু আলো নিয়ে এসেছিলে ফলবতী নারীর মন নিয়ে
কাছে আসো আরো কাছে আসো নিকট অথবা দূরে
আমার কি আসে যায় যদি প্রেম কিট পাখির মতো উড়ে যায়
চাঁদের আলোর চারিপাশে
আমি তোমার পুরুষ অথবা তুমি আমার নারী
কবে বলেছিল কেউ সমীকরণে
গানীতিক ভাষা কতবার শিখেছিলাম কয়েক মাস আগে
আজকের সন্ধ্যা কাল রাতও হতে পারে
তোমার কি আসে যায় তাতে
কতিপয় কাপুরুষ জানে ভোরের ধারাপারাতে ।
তাড়িত
কখনো বলিনি তোমাকে নক্ষত্রের কথা বৃস্টির ভোরে
কুয়োতলা থেকে গোধূলীর আলোতে
নিবিড় মেঘের গল্পে উচ্ছ্বাসের ঢেউ উঠেছিল পাখিদের গানে
শূন্যতার দীর্ঘ ঝর্ণা কুয়াকখনো বলিনি তোমাকে নক্ষত্রের কথা বৃস্টির ভোরে
কুয়োতলা থেকে গোধূলীর আলোতে
নিবিড় মেঘের গল্পে উচ্ছ্বাসের ঢেউ উঠেছিল পাখিদের গানে
শূন্যতার দীর্ঘ ঝর্ণা কুয়াশালিপ্ত পথেই ছুটেছিল বালিকাদের সাথে
তোমার নাভিমূল শিশুর প্রত্যাশা নিয়ে এসেছিল একদিন
আমার উঠোনে ।
অহেতুক স্বপ্নগুলো গাছের ডালে ডালে এনেছিল তরঙ্গের গান
সমুদ্রের কাছাকাছি ।
পাহাড়ের অরণ্য নির্বাক বাঁশির মতো এনেছিল অদ্ভুত জোয়ার
তরল চাঁদের আড়ালে ।
সেদিন আমার বধিরতা খুলে ধরেছিল ক্ষুধার বন্যতা ।
তোমার নানা বর্ণের লিপ্সিটিক গুলো জমাট সন্ধ্যায় আরো রঙ
এনেছিল আঁধারের আলোর শিখাতে
অচেনা আমার কিছুই ছিলনা তোমার শরীরের ভাঁজে
দিনের স্বপ্নগুলো শুধু মাঝরাতেই ভুলে যেতাম গাণিতিক
সূরে ।
আক্ষেপ
কতখানি কাছে আসা যায়,
জানাছিল না
ঘুমের মধ্যেও বুঝতে পারিনি ।
কেউ কি এসেছিল কাছে ?
কখনো কি বলেছিল কথা কানে কানে ?
মনে পড়েনি কখনো
স্মৃতিভ্রংশ নই আমি, স্মৃতিতেই জেগে আছি ।
কড়ানাড়ার শব্দটা হলেই মনে হয় তুমি এলে
অথচ এলেনা কখনো ।
আজ থেকে চার দশক আগে তোমাকে দেখেছিলাম
দূর থেকে
মাঝে প্রাচীরছিল
কিন্তু মুখটা আড়াল করেনি কেউ ।
সেটাই শেষ দেখা অথবা প্রথম
তারপর আর দেখায় হলো না দিনে দুপুরে বিকেলে ।
আমার চোখটা অনেকবার প্রাচীর টপকে
খুঁজেছিল তোমার নাম
প্রাচীরের গায়ে, বারান্দায় ,ঠাকুর ঘরের জানালা দিয়েও
ডেকেছিল সেদিন কয়েকবার
কিন্তু কোথায় তুমি?
পাড়ার কেউ কেউ বলেছিল তোমার কথা
কি যেন তোমার নামটা ?
আজ মনে নেই
চার দশক !
কম তো নয় ঘন্টা মিনিটের হিসাবে
চার দশকে কতবার সূর্য্য পারি দিয়েছে পূব থেকে পশ্চিমে ।
কত ছবি কত গান পুরণো হয়েছে
কত গোলাপ ঝরেছে মাটিতে,
কত লোক মরে গেছে
কত লোক জন্ম নিয়েছে
কত আগুন জ্বালিয়েছে ঘর
কত খোকা যুবক হয়েছে
অথচ কাছে যেতে পারিনি কখনো তোমার মনের কাছে
শুধু বিন্দুর বিসর্গ লিখেছি বার বার কাগজ পেন্সিলে ।
ডাইরি
কালো মেঘগুলো ধাবিত জোছনার সাথে কথা বলে
পুতুলের অবয়বে কথা বলে
তরঙ্গের বায়ু উষ্ণতায় আকার পায় বেদনার মাঝে ।
পোড়া ইট, শুকনো ধান ক্ষেত, লোভাতুর মনে
জাগে প্রেম
কিছু বিনস্ট কালের সেই প্রেম আবৃত হয় কাগজ পেন্সিলে
অথবা কলমে ।
আবৃত আকাশের মতো রূপের ছলাকলা
রহস্যের বাতায়নে ভাঙে ঘুম ক্ষুধার হাহাকারে ।
কেউ তো চিনেছিল তাকে
পরিচিত ঘ্রাণে
হৃদয়ের অন্তর্গত কিছু আসবাবে
ঝিনুকের মতো তোমাতে আমাতে,
কিছু অবহেলা, কিছুটা খুনসুটি দুপুরের রোদে ।
অক্ষত ক্যানভাসে তোমার মুখ কথা বলে রোদ্দুরে
সে কথা পুরনো অথবা নতুন, কে জানে !
আমি তো জানিনি কখনো প্রত্যাশার জালে,
সহজ জীবনে
শুধু অচেনা অঘ্রাণ বলেছিল আউশের কথা,
চিত্রিত সন্ধ্যায় অস্বচ্ছ মেঘের আলোতে ।
চলমান চাঁদ চিনেছিল তোমার প্রেম মৃদু ঘ্রাণে
সহসা অন্ধকারে পাখিদের সাথে
লিখেছিলাম তোমার কথা গোধূলীর মেঘে ।
বৃক্ষের বিকশিত ক্ষত বিক্ষত ডানার ঝাপ্টায়
চিনেছিলে পুরুষের ঘ্রাণ আমার শরীরে ।
তবু গোপন থাকে সব পেন্সিলে
বালিশের নীচে
টেবিল-ড্রয়ারে
অক্ষম-বেদনাতেও তুমি আকার ইঙ্গিতে
ফিরে আসো আমার টেবিলে,
শেষ বাক্য লিখে শেষ করি দিনলিপি রাতের আঁধারে ।
আগমন
এতো যুগ পরে তুই এলি আমার এই দুঃস্থ বাতায়নে,
একদিকে পূর্ণগ্রাস
প্রেম ও প্রত্যয়
অন্যদিকে আমি সেই প্রাচীন প্রেমিক আলোড়িত বুকে ।
তপ্ত চুম্বন যতবার ছুঁতে চায় মৃত ঠোঁট
সমাপ্তির অসর্তক আঁধারে
ভয়ার্ত পাখির মতো ছুটে যাই আমি বিরুদ্ধ বাতাসে ।
কত হাজার লাইন লিখেছি তোকে নিয়ে
কালো মেয়ে
কত হাজার লাইন ছিঁড়েছি .সহসা শূন্যতায় ।
গোপন করিনি প্রেম তোর কাছে
ভুলিনি তোর চোখ
কবিতার খাতার মতো চেয়েছিলি আমার গহনে ।
কতদিন বৃস্টিতে ভিজে গেছে তোর হাত
বিমুক্ত সেই হলুদ গোলাপে ।
তোকে দেখেই তো চিনতে শিখেছি তরঙ্গের মেঘ ।
তোকে নিয়ে খুনসুটি দুপুরের রোদে
তোকে নিয়েই ভ্রুক্ষেপহীন এক পৃথিবী
তোকে নিয়েই উন্মাদ আলোর ধ্বনি স্মৃতির আঁধারে ।
যখন হাঁটতে হাঁটতে ক্লান্তি ছেয়ে ফেললো আলো তরঙ্গে
বুঝতে পারলাম ফিরতে হবে ।
স্তিতার এই চরে
হয়তো ফিরে আসবো আবার কোন একদিন ।
তুই এলি
নিঃশব্দে জ্বলে উঠলো দ্বীপের আলো
আমার সমাপ্তির সংকেত হারিয়ে ফেললো শব্দ তরঙ্গ,
শুধু কিছু আলো জ্বলে উঠলো তোর প্রেমে ।
জন্মদিন
তোমাকে মনে করলেই আয়নার সেই অদৃশ্য
ছবির কথা মনে হয়
ছোঁয়াচে প্রণয় ললাটের রক্তের সাথে মিলে মিশে একাকার
হয় ভোরের গল্প ।
আজন্মা নদীর বুকে আলোকিত দেবতাদের
সাথে ঘোরে কিছু পিশাচ ও পরী,
কিছু পরিচিত পুরুষ
কিছু মাতাল সন্ধ্যা ।
কেউ কেউ সেই অদৃশ্য সলিলে ভেসে যায় নদীর দিগন্তে
দূরদেশে- প্রভাতের মেঘের জানালায় ।
বার বার ফিরি আমি পুরানো দৃশ্যকার বায়ুমুখো
নারীর গর্ভে,
অরণ্যের দেবতার সাথে
জ্বালামুখো দাবানলে
তবুও ললাট রক্তের দাগ থেকে যায় বুকের ক্ষতে ।
কেউ জানতে পারেনা
তোমার চুম্বনের নীল দাগ
মিলে মিশে গেছে
আয়নার অক্ষত বিকিরণ আঁধারের ভোরে ।
স্বপ্নাচারণ
কখনো মেঘ কখনো বৃস্টি
দিন নেই রাত নেই একি অনাসৃস্টি ।
কাল এসেছিলে ঘোমটা দিয়ে
আজ এলেনা মেঘের দেশে
স্বপ্নগুলো আজো আছে
যেমন ছিল অনেক আগে ।
আগেও ছিল অনাহারে রাত্রি যাপন
এখন শুধু বৃস্টি হলে
ভেসে আসে শব্দ-বাহন
খাদ্য নিয়ে
কিছুটা ঘুম সন্ধ্যে হলে
কিছুটা ঘুম ভোর রাতে ।
অনেক কিছুই পাল্টে যায় শুনতে পায় লোকের মুখে
আমার শুধু বয়স বাড়ে
ধীর গতিতে চলা শুরু
একেই কি বলে পাল্টে যাবার সিঁড়িভাঙার অঙ্কে লেখা ?
একদিন ভাঙতে ভাঙতে পৌছে যাবো তোমার দেশে
সেই রাতে যে স্বপ্নে এসে বলে গেলে
কি সব যেন বলেছিলে
'উল্টোনো আকাশ তারায় ভরা
চাঁদের গায়ে কলঙ্কের দাগ
পুরনো সব কথার মালা' ।
এই সব কিছু ভাবতে ভাবতে সেদিন যেমন হারিয়ে গেলাম
দূর দূরান্তে
সমুদ্র ছিল বুকের মাঝেই
চিনতে শুধু সময় নিলো মনের আলাপ ।
তুমি জানতে
আমার কিছু শব্দ বিয়োগ তোমার জন্যে রেখে দিয়েছি
মধ্যরাতে আসবে বলে
যেমন অভ্যাস তোমার আছে
ফুলের মাঝে ঘুমিয়ে দেখা কিছু স্বপ্ন চোখের পাশে
কিছু স্বপ্ন হলুদ ফুলে ।
বিজ্ঞাপণ
আমি কোন ফেয়ার অ্যান্ড লাভ্লি ব্যবহার করে
এমন কাওকে চিনিনা
দেখিনি কখনো
আমার পরিচিত মেয়েরা যে সব
ক্রিমের কথা বলে
সেই সব আমি কোনদিন শুনিনি
এমন কি আমার বউ সূর্পণা সেদিন বললো কিছু নাম
যা আমি কোনদিন শুনিনি
প্রথমবার শোনাটা অনেকটাই
প্রথম প্রেমের মতো মনে হয় ।
বিজ্ঞাপণে যে সব নারীরা আসে
তারা কতো সুন্দরী
তারা কেন রাস্তায় হেঁটে আমার কাছে আসে না
তারা এতো মিথ্যে বলে কি করে ?
কি করে তারা বিজ্ঞাপনে উঠে আসে ?
কি করে সোনম কাপুর মিথ্যে বলে বিজ্ঞাপণে
কি করে
সব মিথ্যে নিয়ে টিভির পর্দা ভরে থাকে।
বান্টির সাবান সব সময় স্লো হয়ে যায় ।
মাম্মীকে লিটিল গার্ল মনে হয়ে,
অথচ আমাদের মাম্মীদের কখনো লিটল গার্ল মনে করতে পারিনি
কখনো আমি
ভীষণ ভয়েই থেকেছি
বহুবছর
বহু সন্ধ্যায় মায়ের ভয়ে লুকিয়েছি চিলেকোঠাই ।
গণিকার কাছে কেও কেও যায়
কেউ কেউ ফেরে রাতের অন্ধকারে
কেউ ফেরে দুপুর দুটোয়
অথচ সেই সব নারীরা
তারা বিজ্ঞাপনে কেন আসে না শরীরর সব সত্য বলতে
তারা এলো কি এলো না
এলেই বা কি আসে যায়
কারণ সবাই সেই তো একি কথা বলে যাবে
টিভিতে
বিজ্ঞাপনে
আমার তোমার বিজ্ঞাপণ কোনদিন হবে না
সিনেমাতে
অথবা তোমার উঠোনে ।
হলুদ গোলাপ এর জন্যে
ধূর শালা কিছুতেই কিছু হচ্ছে না
চোখ তুলে তাকাতেই ভাবলাম তোমাকে দেখবো
কিন্তু কোথায় তুমি
বাগানের ফুলগুলো তো সব আছে
তুমি নেই কেন
তুমি কোথায় গেলে এই ভোর রাতে?
কোথায় যে কখন ঘুরে বেড়াও !
চিঠিও লেখোনা আজকাল
না ইমেল
না ফোন করো
মেসেজও করোনা কখনো ।
আর আমি একটা পাগল
তোমার অপেক্ষায় বসে থাকি
বসে থাকি মোড়ের মাথায়
সেই যে পুরণো রকটা
যেখানে তোমাকে প্রথমবার ডেকেছিলাম নাম ধরে
সেদিন হলুদ শাড়ি পড়েছিলে ।
বাগানের সব রঙ মুছে গেলেও আমার মন খারাপ করে না
অথচ যেদিন দেখি
হলুদ গোলাপটা কোথায় যেন চলে গেছে
দিগন্তের পারাপারে
নদীর আর সমুদ্রের মোহনার দিকে
যন্ত্রণার আগুনটা কেমন যেন জ্বলের ওঠে
বুকের ভেতর
কামারশালার আগুনের মতো
উন্মাদ হয় আমার হৃদয়ের আগুন
অথচ দেখো কত কত শতাব্দী আমরা তো
কথা না বলেই কাটিয়ে দিয়েছি
কত কত বছর একটি শব্দ বলতে পারিনি
আমার ক্যানভাসে ।
অথচ কত জানা অজানার গল্পগুলো
এখনো
এই সমুদ্রের কাছে এসে কেও যেন লিখে ফেলে
মনের খেয়ালে ।
আমি লিখতে পারিনি
আমি শুধু চেয়ে থেকেছি বাগানের দিকে
হলুদ গোলাপের সে বাগান
তোমার শাড়ির রঙের মতো কিশোরীর চপলতা
বাগানের ফুলে ।
শরতের একদিন
বার বার ফিরতে চেয়েছিলাম বলেই না
প্রতিদিন তোমাকে লিখেছি
খাতাতে
পেন্সিলে
ভাষাতে
হৃদয়ের ক্ষতে ।
যে শব্দগুলো উহ্য থেকেছে লেখাতে
সেগুলো বলে ফেলেছি
স্বপ্নের হলুদ বাগানে ।
টুকরো টুকরো হৃদয় জেগেছিল
তোমার ভাবনায় ।
গত আশ্বীনের শিউলিগুলো
হারিয়ে ফেলেছি ।
দিগন্তের বাঁধন এঁকেছি ক্যানভাসে
সাদা ক্যানভাসে ।
সাদা থানে
তোমার সেই মুখ,
আমার মৃত শরীর
কথা বলে না ।
তবু শিশিরের ফুলে
শিউলি জেগে থাকে ।
বার বার ফিরতে চেয়েছিলাম বলেই না
গদ্যপদ্যে লিখতে পেরেছি
তোমার গান ।
সোজাসুজি অনেকগুলো কথা
সোজাসুজি অনেকগুলো ভাষা
একসাথে লিখতে লিখতে
কখন যেন হারিয়ে ফেললাম খেয়াঘাট ।
নদীর পারাপার
নৌকোগুলো এখনো আছে বাঁধা ।
রেল গাড়িতে পাঠিয়েছিলাম
তোমাকে লেখা আমার প্রথম ধারাপাত ।
উদ্বাস্তু
বহু বছর আগে
হলুদ ফুলকে প্রথমবার আমি আমার যন্ত্রণার কথা বলি
প্রথমে মনে হয়েছিল কিছুটা হলেও অনুভবে
ছিলাম আমি
আসলে পরে বুঝেছিলাম ফুলেরা যন্ত্রণা বোঝেনা ।
তারপর পেড়িয়ে গেছে শতাব্দী
রাজা থেকে সুলতান - সুলতান থেকে রাজা
তারপর বিট্রিশ
শাসকদের দাবানলে বার বার হারিয়েছি দেশ
সকাল হবার আগেই
লোটাকম্বল নিয়ে ছুটে গেছি ট্রেন ধরতে
প্রথমে অবশ্য ট্রেনছিল না
হাঁটা পথে পার করেছি ভূমি ।
জন্মভূমি স্বাদ কতদিন পেয়েছিলাম মনে নেই
মনে নেই প্রথম দেশের নাম
মনে নেই আমার প্রথম প্রেম ।
মনে নেই আমার দেখা প্রথম কাক তারুয়ার কথা,
মনে নেই আমার শৈশব,
মনে নেই রান্নাবাটির খেলাতে কে প্রথম আমাকে
তার কুটুম ভেবেছিল ।
মনে নেই কবে প্রথমবার সাঁতরে পার হয়েছিলাম
নদীর মোহনা ।
এখন শুধু আকাশের তারা গুণে বাড়ি ফিরি ।
সেই যে শতাব্দী আগে
হলুদ ফুলকে বলেছিলাম আমার কিছু কিছু যন্ত্রণার
কথা
আমার কিছু গল্প
আমার কিছু চেনা কবিতা
আমার তাল গাছ
আমার রোদ্দুর
যা কিছু আমার ছিল শুধুই আমার ।
ভঙ্গুর
সেদিন তোর কথা বলেছিলাম মিথ্যে করে
তোকে দেখানো ভোরের স্বপ্ন
সব কিছুই মিথ্যে ছিল দিন দুয়েকের ।
তোরই যে খুব বিশ্বাসছিল
এমন তো নয় ।
স্বপ্নগুলো ঝালাপালা
বয়সের সাথে পাল্টে যাবেই
তুইও জানিস
কিন্তু শুধুই দোষটা আমার ।
যদি বলতে বলতে হারিয়ে যেতাম
নদীর মাঝে
পাহাড় থেকে খসে পড়তাম পা হড়কে
তখন তোর ভাবনা কেমন
জানতে ইচ্ছে
দুপুর-সকাল রোদের গায়ে ।
তোকে ডেকেছি
তুই ভাবলি
এমন ভাবে আমি নাকি আরো অনেক
ডাক দিয়েছি
ভোর রাতে
স্বপ্নগুলো যখন ভাঙতে থাকে
উড়াল পুলের আলো আঁধারে ।
মন উদাস
বিষাদ ভরা কলসিখানা উল্টে দেখি
তোর যদি কোন স্মৃতি লুকিয়ে থাকে
জলে মাঝে
ভাসিয়ে দেবো নদীর সাথে
ভাসতে ভাসতে
একদিন না হয় ভেসে যাবে তোর আঁচলেই ।
হাজার কাহাণী- এক দেশে
তাকে দেখেছিল কেউ মাঠে ঘাটে
মিছিল মিটিঙে
পার্কের গেটে ।
কখনো কারোর বাহুতে
লুকিয়েছিল মুখ অনেক মানুষের ভীড়ে ।
তার নাম শুনেছিল কেউ কেউ মৃদু বাতাসে,
বারুদের ঘ্রাণে ।
কেউ কেউ দেখেছিল মুখ ভোরের আলোতে ।
কেউ বলেছিল কথা হয়েছিল একবার
কেউ বলেছিল কথা বলতে চাইনি কখনো
মুখ বেঁকিয়ে চলে গেছে দূরে ।
এভাবেই রটেছিল সেই রাজকন্যার কথা,
যার জন্যে কোন রাজপুত্র আসেনি ঘোড়ায় চেপে
এসেছিল কিছু পাথর ভাঙার দল
দল বেঁধে
রাতভোর গান বেজেছিল সেদিন
হিন্দি গানের সূরে ।
দেশী-বিদেশী-ভূটানী মদে নেচেছিল অনেক মানুষ ।
শিউলির ঝড়ো হাওয়ার আগে
ওরা গেয়েছিল পালকির গান দলবেঁধে ।
এমন উৎসব তার প্রতিদিন হয় ।
সেই যে কত যেন সাল ছিল সেটা
নদী পেরিয়ে এসেছিল বাবার হাত ধরে
আদুল গায়ে,
অনেকেই এসেছিল সেদিন
আজো আসে যায়
যখন যেদিক থেকে ছুটে আসে বারুদের ঘ্রাণ ।
এমন উৎসব হয় তার প্রতিদিন
ফুলের আকার আকৃতির আলোর আঁধারে ।
কখনো শঙ্খমালার মতো
হয় রাত্রি যাপন,
কখনো বা ফিরে আসে ভাড়াটে অটোর হাত ধরে ।
কখনো চুম্বনে শেষ হয় রাত্রি যাপন
কখনো কালশিটে শরীর নিয়ে ফেরে ভোরের জানালায় ।
ঘাতক ইস্তেহার
অদ্ভুত কিছু কথা মাথায় এলো
তোমাকে বললাম ।
প্রথমে মন খুলেই বলতে শুরু করেছিলাম,
যেমন প্রাকৃতিক নিয়মে
কেউ কেউ বলে ফেলে সন্ধ্যার কথা ।
তোমার শেষ চিঠি এসেছিল উনিশ নব্বইয়ে
তারপর তুমি আর চিঠি পাঠাওনি ।
তিন বছর পরে
একটা ফোন এলো অজানা নাম্বার থেকে
অনেকটা সময় পর বুঝলাম
ফোনের অন্যপ্রান্তে তুমি
আগে কখনো ফোনে কথা বলিনি তোমার সাথে ।
মিথ্যে বলবো না প্রথমে কিছুটা ভয় হয়েছিল
পরে ভয় চলে গেলে এলো অজানা যন্ত্রণা
কারণ আমিতো জানি ঘাতকের নিয়মগুলো,
ঘাতক আর দেবতারা বার বার ফিরে আসে
আমার উঠোনে ।
বার বার তারা আমাকে জবাই করতে চায়
বার বার তারা আমাকে হাড়িকাটে
ফেলতে চেয়েছে
ফেলতে চেয়েছে আমার এই মাতাল মনকে ।
তারপর তারা আমাকে ছড়িয়ে দিতে চেয়েছিল
সবুজ এই বনভূমির আলোতে
ডালপালায়
মাটিতে
শিমুলফুলের বাগানে ।
প্রথমে রুটি-মাছ-মাংষ
তারপর উদ্দাম নাচের তালে তালে
ঘাতকের রোমশ-হাত ছুঁয়েছিল আমার গোধূলীর আলো ।
যেহেতু ডালিম ফুলের রঙ
কুসুমিত হয়েছিল একদিন দিগন্তের নক্ষত্রের কাছে
তাই আমার ভাষাকে মনে করেনি
বিপদজনক কিছু ।
ওরা শুধু আমার মানি-ব্যাগ থেকে চুরি করেছিল
আমার ঠিকানা
চুরি করেছিল পিতার পরিচয় ।
অন্ধকার রাস্তা দিয়ে যেদিন আমরা ফিরে এলাম
অনুজ্জ্বল আলোর মাঝে
মানচিত্রের ভাঁজগুলো খুঁজেছিল বিস্ময়
একাকী চাঁদের নীচে ।
তুমি খুঁজেছিলে বৃস্টিপাতহীন বিপন্ন আশ্রয়
গোপন দেওয়ালে লিখেছি
ঘাতকের ইস্তেহার ।