এটা সেই কবিতা যার নামটি কাব্যিক মনে হয়নি সম্পাদকের, এটা সেই কবিতা যা কিনা গৈরিক ফ্যাসিবাদের নতুনরূপকে দৃশ্যিত করে


সন্ত্রাস- এক নতুন রূপ


নতুন করে কিছুই তো জানানোর নেই
সেই সাদা খাতা, সেই কুমকুমের রঙের ভোর
সেই আলো আঁধারে গলি পার করে বাড়ি-ঘর
জানালা-দরজা, সাদা থানে মায়ের চোখ বারান্দায় ।

তবু তো ডাইরির পাতায় আমি কিছু না কিছু
লিখে রাখি প্রতিদিন তোর জন্যে
একদিন তুই আসবি
এই অন্ধকারে
নতুন কিছুই পাবি না
নেই কোন গোপন চিন্তার প্রকাশ
তবু লিখি আমি
তোর জন্যে
তোর জানা কথাগুলো আবার লিখি
লিখি কিভাবে রাস্ট্রই সৃস্টি করে সন্ত্রাসের আঁতুড় ঘর
কিভাবে ধর্মের কালো মুখ
রাস্ট্র-নায়কের কালো হাতের সাথে মিলেমিশে একাকার
হয় কর্পোরেট কার্পেট ।

লিখতে পারিনা সবুজ প্রেমের গল্প বহুদিন
ডাইরি পাতায় পাতায় আমি শুধু আমার জ্বালাটাই লিখতে
পারি অক্ষর বিন্যাসে ।

'রাত কত হইলো' রমজান আলি বা রতন সূত্রধরের জানা নেই
আমারও জানা নেই
বারুদের ঘ্রাণ ছড়িয়ে আছে গৈরিক সন্ত্রাসের আঁধারে
কুমকুমের রঙ ঠিক করে দেয় সকালের আঁধার
ভূমিষ্ঠ শিশুর হাতে তলোয়ার
সে ছাড়পত্র পেয়ে গেছে নতুন সন্ত্রাসের আলো বা আঁধার !
কে জানে
জানিনা তুই ফিরে আসবি কিনা
পড়তে পারবি কিনা আমার অবিন্যাস শব্দের আঁকিবুঁকি
তবু লিখতেই হবে
প্রতিদিনের জানা সব কথা
কাগজে পেন্সিলে
কি জানি যদি ফিরে আসি কোনদিন
সেটা রাত বা দিন কি আসে যায় তাতে ।


প্রত্যাখান

নিতে পারলে নাতো,
সেই তো ফিরিয়ে দিলে আগুনের কাছে
আর আমি পুড়তে থাকলাম, ঝলসে উঠলো আমার পাঁজর
সব আলো একাকার হয়ে গেলো আমার অন্ধকারে,
শুধু চাঁদের একফালি আকাশ চিনে নিলো আমার প্রেম ।
চুপি চুপি এসেছিল আমার বাগানে
বলেছিল কথা অনেক কিছু মনে মনে ।

ঝিঁঝিঁ পোকাদের চিৎকারে ভেঙেছে নিস্তব্ধতা আমার বাগানে
আর তারপরই সেই একফালি চাঁদ হেসে উঠে চলে গেলো
মোহনার স্রোতে ।

তোমাকে দেখেছি কতবার, কত শরতের শিউলির ভোরে, 
বসন্ত আসেনি কখনো ফিরে আমার ফুটপাতে ।
ডাকতে ডাকতে ভোর থেকে রাত পার হয়ে গেছে
কত কোকিল ফিরে গেছে ঘরে
কত ট্রেন ছুঁয়েছে নতুন ইষ্টিশন রাতের আঁধারে 
কত মানুষ ফিরে গেছে, কত মানুষ এসেছে ভীড় করে 
কত কবিতার খসড়া ভেসে গেছে নদীর স্রোতে ।
অথচ 
আমার শব্দহীন চিৎকার পৌছতে পারেনি তোমার উঠোনে,
আমার অজানা তোমার ঠিকানায় ।

চাঁদের অন্য গল্প

কতিপয় শিকারী অরণ্যের কাছে খুঁজেছিল 
অন্ধকার 
চাঁদের হলুদ বর্ণময় আলো তাদের বলেছিল
এটা মধ্যরাত
বিপদের সংকেত এনেছিল ক্লান্তিবোধ উৎকর্ণ
অরণ্যে ।

তুমি প্রিয় বৃক্ষের কাছে শুনতে চাইতে সমুদ্রের কথা ,
আমি নাবিক,
সমুদ্রের সঞ্চারিত বিভীষিকায় চিনেছিলাম প্রকৃত সারস 
অস্বচ্ছ চাঁদের আঁধারে ।

নস্ট খোসায় ছড়ানো ফুটপাতেই আমি দেখেছিলাম 
প্রথম চাঁদ,
আলুথালু রহস্যের ভেতর কেঁপেছিল ঠোঁট ভয়ার্ত চুম্বনে,
কলঙ্কের বিষাদ বিন্দু দিয়েছিল কালশিটে
শরীরের ভাঁজে ।

অদৃশ্য বেদনায় কখনো উষ্ণতা আসে 
চাঁদের পালকে 
 পুস্পিত আঁধারের রাতে ঝরণায় ভাসে
বিপন্ন চাঁদ
পাহাড়ীয়া গ্রামের পথে,
মরাকাঠে,
থেতলানো বৃক্ষের যন্ত্রণা নিয়ে বিলম্বিত সূরে ।

অর্থনীতি ব্যারিকেট

কলম নয় বন্দুকের নলেই খুঁজে পেতে চাই 
আমার পরিচয় ।

কেউ চিৎকার করেছিল সেদিন
কেউ লিখেছিল নাম মশালে
আগুনগুলো জ্বালাতে পারিনি ঠিকঠাক,
এখনো ধাবিত ট্রেনের পাশে ছুটে যায় উন্মাদ কবি ।

আমি তো তোমার জন্যে লিখিনি কোন প্রেম
কোন উত্তাপে বসন্ত ছিল না আমার ।
রাত হলেই দেশী মদের উৎসবে বাতাসি বাতাসি বলে
ছুটে আসে পুরুষের দল ।

কে তুমি ?
কার জন্যে এত কিছু 
আমি তো সন্ত্রাসের আলো দেখি প্রতিদিন 
এটিএম থেক ঝুলন্ত বারান্দায় ।
অথচ অচীন কুয়াশা তোমার জন্যে গল্প লিখবো বলে 
বেড়িয়েছিলাম পাহাড়ের কোল ঘেঁসে ।

পাহারের দোলনায়
শুধু শাস্তি হবে শাস্তি হবে বলে ছুটে গেছে কিছু উকিলের দল
কেউ ফেরেনি সেদিন সন্ধ্যায়
কেউ লেখেনি সেদিন ঝরণার কোন গান ।
কেউ বলেনি ফুটপাতের সেই মেয়েটির কথা 
কেউ শোনেনি সেদিন গনিকার আব্দার ।
শুধু আপক্ষায় ছিলাম 
কবে বোমারু বিমান ছেয়ে যাবে আমাদের বাসস্থান ।

হিসেব

তোমাকে নিয়ে আঁকা আমার শব্দগুলো কখন যেন হারিয়ে ফেললাম
যেখানেই খুঁজি নিজেকে বা তোমাকে
ছবিগুলো কেমন দুমড়ে মুচড়ে আকারহীন হয়ে পড়ে,
কখনো চেনা যায়
কখনো বা চিনতে সময় পেড়িয়ে যায় সকাল থেকে রাত ।

হিসেবগুলো জটিলছিল ছবিতে বা শব্দ বাক্যে
কখনো গণিত কখনো কাব্যে
ঠিক মতো ছন্দ করে লিখতে না পারলে 
হিসেবের খাতা হারিয়ে যায় দিনে দুপুরে ।

যে যেখানে রেখেছিল হাতের মুঠোয় ছবির গদ্য
চেনা মুখ অচেনা মানুষ 
অথবা এমন কিছু যা আমাকে নতুন করে হিসেব 
করে চিনতে হবে ।
হতে পারে তোমার প্রেম অথবা গল্প তোমাকে নিয়ে !
কে জানে !
আমি শুধু হিসেব মতো ছবির মধ্যেই কবিতা লিখি 
তোমার জন্যে আমার জন্যে ।

হিসেব ছিল অনেক কিছুর ব্যাং লাফানো শীত সকালে 
গর্তগুলো এখনো আছে লুকনো সেই সিঁদকাঠির 
পূরণো গদ্যে
তখন কিন্তু মিলেছিল তোমার আমার অনেক হিসেব
মনের মধ্যে
পার্কের গেটে 
ফুচকাওয়ালাও জেনেছিল মনের হিসাব 
তোমার আমার ।

সব কিছু পাল্টে গেলো 
আজো পাল্টায় মন অথবা শহর, অথবা গ্রাম
তোমার ঠিকানা পাল্টে গেলো অনেক দূরে
আমি ফিরলাম 
নিজের ঘরে 
এখন শুধু হিসেবগুলো উল্টে দেখি দুপুরে বা
নতুন কোন সকাল হলে ।

স্বপ্ন-ভাঙন

কাল রাতে শব্দগুলো সাজিয়েছিলাম তোর জন্যে
মেঘের আকাশ
কালো মেঘ
নিটোল নাভির সেই মেয়েটি 
আমার কৃষ্ণকলি ।

ভাঙছি সব তোর জন্যে
আদুল গায়ে সেই কিশোরের স্বপ্নে যে তুই আজো আসিস ।
মাঝে মধ্যে হারিয়ে ফেলি
কিছু কিছু শব্দরাশি ।
যেমন তোকে বলা আমার শেষ কবিতা 
ছন্দবীহিন রাতের জোছনা
আমার সাথে হাঁটতে হাঁটতে হারিয়ে গেলো ।

মিথ্যে কিছু কথার ভাঁজে
তোকে দেখায় দ্রাক্ষাফলের এক বিঘত শহুরে মন ।
সব কিছুই আজ ওলট-পালট 
কখন যেন কেও এসে বলে ফেললো
তোর কিছু স্মৃতির কথা ।

কেমন যেন বুদবুদে স্বপ্নগুলো 
প্রতিদিন তোকেই দেখি ঘুম ভাঙার আগে ও পরে ।
কৃষ্ণকলি আজো যে তোকেই ভাবি
দুপুর কিম্বা বিকেল হলে
ভোর রাতে
যখন তুই একা ফিরিস 
রাতের কবিতায় ক্লান্ত হয়ে ।

অচেনা কাব্য

কত আলো দিতে পারো তুমি আমাকে 
তোমার আলোতে
এতোরাত শুধু জেগে থাকি তোমাতে
চেনার জন্যে ,
নদীর আশেপাশে কত ফুল আছে,
তুমি কি শীতে কথা কোনদিন শোননি 
বসন্তের কোন গান ?
কোন এক প্রাদশিক আলোর ভাবনায়
কখনো কি ছুটে গেছো বালিকার বেশে ?
আমি তোমাকে বুঝিনি
তুমি আমাকে বোঝনি
দু'জনেই ছুটে গেছি নদীর কাছাকাছি
আখক্ষেত, ধানক্ষেত 
মোহনার পাশে কিছু গল্প-কবিতা
কিছু গান
কিছু ঘরবাড়ি
কিছুটা তোমাকে নিয়ে ভাবনার কুঁড়েঘর ।
কে যায় অই পথ দিয়ে
কে আসে অই পথ দিয়ে
রাতের আলো তোমার চুম্বনে শেষ হয়ে যায় ।
তোমার নাভির কাছে
কতোদিন তোমাকে বলেছি ঝরণার কথা ।
একদিন তুমি বলেছিলে,
'ফিরে এলেও ফিরবোনা তোমার গভীরে' ।
আজ সেই গভীরতা আছে, তুমি নেই
আজ সেই গভীরতা আছে, আমি নেই
আজ সেই গভীরতা আছে, নদী নেই আসে পাশে
শুধু নাব্যতা আছে
তোমার শাড়ির ভাঁজে ।

কিছু কাহানী এই রকম

তোকে ঠিক বোঝাতে পারিনি কোনদিন 
আমার কথাতে
আমার শব্দে
আমার হাসিতে 
আমার দূঃখে
আমার অহংকারে
তোকে বোঝাতে পারিনি আমার নদীর কথা
বোঝাতে পারিনি আমার কোন গল্প 
বোঝাতে পারিনি আমার হিংসা
বোঝাতে পারিনি আমার কোন রাগ ।
ধূলো ছাড়া যা কিছু কুড়িয়ে পেয়েছিলাম 
সবতো তোকেই বলেছি,
চোরাবালির স্রোত 
গাছগাছালি ভীড়ে হারানো আমার নদীর নাম ।

কত কতদিন অন্ধকারে শিউরে উঠেছি
তোকে দেখে ।
উড়ালপুলের বাতাস 
কত কিছু গোপন করেছে প্রতিদিন ।
শেষরাতে বৃস্টিতে ভিজেছিল যে বালক
অথবা আমার শৈশব
আমার ছেঁড়া কবিতায় যে প্রথম দিয়েছিল 
চুম্বন ঠোঁটে ঠোঁট রেখে
যে বলেছিল প্রথম ঈশ্বরের কথা
গোপন মেঘের আড়ালে ।
অথচ তোকে বলা হয়নি যে কথা বহু বছর
বহু শতাব্দী
যদি ঈশ্বর বলে কিছু থাকে
তবে সে আমার থেকেও বেশি নস্ট এক পুরুষ ।

শেষবার আমি ইস্তেহার লিখেছিলাম তোর জন্যে
বৃক্ষের কিছু যন্ত্রণা ছিল
বড় বড় সে সব বৃক্ষ
খেয়ালি হাওয়াতে উড়ে যায় 
টুকরো টুকরো কিছু স্মৃতি শুধু
হাবুডুবু খায় বকুল ফুলের বাগানে 
আর কিছু লোক শৈশব শৈশব করে চিৎকার করে
বাড়ির উঠোনে ।

ইচ্ছে করলেই......

খুব বাজে সময় যাচ্ছে এখন আমার
ইচ্ছে করলেই প্রেম করতে প্রেমিকা পাই না
প্রেমিকা পেলে প্রেম আসে না
প্রেম এলে প্রেমিকা দূরে চলে যায় ।

খুব বাজে সময় যাচ্ছে এখন আমার
ইচ্ছে করলেই দিনে দুপুরে মাতাল হতে পারিনা,
বোতল ভর্তি বার-কাউন্টার 
ইচ্ছে করলেই ঢালতে পারিনা গলার মাঝে ।
ইচ্ছে করলেই দেশী মদে হুল্লোড় করতে পারিনা
ইচ্ছে করলেই সুখেনের ঠেকে 
গ্লাস নিয়ে বলতে পারিনা 
'মালার ঠেকটা কেন ভাঙল পুলিশ
হপ্তা দিতে দেরি করেছিল বুঝি' ।

খুব বাজে সময় যাচ্ছে এখন আমার 
না ঘুমের মধ্যে তোমাকে ডাকতে পারি 
না জেগে তোমাকে বলতে পারি
'এতোদিন কোথায় ছিলে অরুনিমা'?

এখন ইচ্ছে করলেই হাঁটতে হাঁটতে চলে যেতে পারিনা
শহরের রাস্তা থেকে দূরে
গ্রামের হাঁটা পথে
একটু হাঁটলেই বুকে ব্যথা করে ।

সময়টা খারাপ যাচ্ছে এখন আমার
চল্লিশ পার করেছি বহুদিন
বহুদিন আগেই চশমার কাচে লেগেছে
বাই-ফোকাল ।

তবু হাঁটতে হাঁটতে দেখে ফেলেছি 
সব কিছু 
সব কিছুর সব পরিণাম 
দিন থেকে রাত অব্দি 
তিস্তার পার 
সেভক রোডে জ্যামে আটকে একটা দিন 
অথবা ওই বাসস্টপ 
যেখানে তোমাকে দেখেছিলাম একদিন 
ভোরের সকালে ।

বিবর্তন ও প্রেম

মাঝে মাঝে প্রেম
বিষাক্ত ফুলের মতো আশ্রয় খুঁজে বেড়ায়
কখনো বিপন্ন বৃক্ষের কাছে
কখনো হৃদয়ে ।

তবু কোন আমার পেঁচার সাথে দেখা হলো না
ভোরে অথবা নিশিতে ।
তাই চোখ উল্টে বলতে পারলাম না কিছুই 
কতবার চেস্টা করেছি,
কতবার বদল করেছি ফুটপাত
কতবার ট্রাফিক সিগ্যানালের বাতিগুলোকে
নিভে যেতে দেখেছি
কতবার ভয়ার্ত পাখির বুকে
জানতে চেয়েছি
তোমার কথা ।

অথচ মৃত সব মানুষের মতো যখন হারিয়ে যেতে চেয়েছি,
ট্রাফিকের আলো ছড়িয়ে পড়েছে
ফুটপাত থেকে দোকান ঘরে ।
সার্চ-লাইটের তীব্রতায় আমাকে শণাক্ত করেছে
ঘাতকের দল ।

হলুদফুল বা মৌলালীর মোড়
অথবা বুড়োদার চায়ের দোকানের এক কোণে
বহুবার বদল করেছি ঠোঁট 
ঠোঁটের ভাষাতে ।
তবু সব অতীত হয়ে গেলো 
শুধু বিষাক্ত হুলগুলো 
আমাকে রক্তাক্ত করে চলে যায় মোহনার দিকে ।

আরে সেই মোহনা পার করেই তো জঙ্গল
বাদামী রঙের মেয়েরা উলবোনে
ঝরণার কলতান ভাসে বাতাসে ।

আরে ঠিক সেইদিনি 
আমার হাতের আঙুলগুলো নীল হয়ে গেলো
আমার ঠোঁট অনুভব করলো বিষাক্ত স্বাদ ।
দিগন্তের লাল আভা
হাঁটতে হাঁটতেই চলে গেলো পাহাড়ের কোলে ।

এলোমেলো

যখন খুশি যেমন খুশি তোকে ভাবতে পারিনা
কখনো বাতাস এসে নিভিয়ে দেয় আলো 
কখনো বা চাঁদের পাখিরা উড়ে যায় সূর্য্যের দিকে
আমি জানতেও পারিনা ।

কালো মেঘগুলো বড়ো দূরন্ত, ঝাঁপিয়ে নামে বৃস্টি,
তুই শীতে হারিয়ে গিয়েছিলি হলুদ বনের ভীড়ে
তারপর থেকে আকাশ মেঘলাই থেকে গেলো 
বৃস্টি এলো, ভাসিয়ে দিলো আমার ঘরদোর, উঠোন
আমার বিছানা, আমার কাগজ পেন্সিল
আর দূরে দিগন্তের কাছে তুই মেলে ধরলি 
তোর বেগুনি ডানা 
সবাই ভেবেছিল রামধনু রঙ লাগবে আকাশে 
কিন্তু আমি তো জানতাম ওটা আসলে তোরই সৃস্টি ।

যখন খুশি যেমন খুশি তোকে লিখতেও পারিনা 
কাগজের আকার একাকার হয় ফুটপাত বারন্দায় 
তোকে লিখতে বসলেই প্রথমেই মনে হয় কি লিখবো
আমার প্রেমের কথা তো তেমন কিছু নেই 
কিছু গান ছিল মাত্র ছন্দবিহীন 
কিছু গল্পছিল মাত্র ঘটনাবিহীন ।

একদিন কাব্য লিখতে লিখতে কখন যেন ভুল করে ফেলি 
ভুলগুলো ঠিক করতে করতে একটা ক্লান্তি আমাকে
টেনে নিয়ে যায় ঘুমের দেশে 
আর ঘুম থেকে উঠে তোর কথা মনেই পড়েনা ।

এলোমেলো -২

মেঘের ওপারে একটা ঘর আমার জন্যে 
শুকনো কাপড় ভীজে যাবার ভয় নেই 
বৃস্টি এখন অনেকটা দূরে ।

আয়নার সামনে দাঁড়ালেই তোর কথা মনে আসে 
তোর সেই টিপটা এখনো লেগে আছে 
ড্রেসিং টেবিলে ।
বিকেলের রোদটা সরে গেলেই তুই বেড়িয়ে পড়তিস
সেতার হাতে ।
তোকে দেখলেই আমার বসন্তকাল মনে হতো
প্রতিদিন 
সে বর্ষা,গ্রীষ্ম অথবা হেমন্ত ।
তোকে নিয়ে স্বপ্ন দেখার স্পর্ধা আমার কখনোই ছিলনা ।

মিছিলের সেই মুখ, শ্লোগানে মুখর আকাশ 
পারাপারে ক'জন আমরা 
ঝান্ডা হাতে ।

মেঘের ওপারে আমার প্রিয় ঘরটাতে এখনো
রোদ উঁকি দেয় ।

আমি ঠিক কোনদিনি প্রেম ব্যাপারটা 
বুঝে উঠতে পারিনি
সবার কত কি হয় প্রেমে 
কই আমার তো কিছু হলোনা আঘাতে ।
ভুলে যেতে সময় লাগে না 
শুধু ভাঙতে ভালো লাগে 
বার বার 
যেভাবে হাতুরীর আঘাতে ভাঙে কাচ ঘর ।

এলোমেলো -৩

আমার ভেতরের যন্ত্র গুলো ক্রমশঃ কর্কশ হয়ে উঠছে 
কার্পেটের ওপারে একটা লাল তরঙ্গের খেলা 
অথচ কোন রঙ আর আমাকে তাড়িত করে না 
শুধু কিছু যন্ত্রের কথা ভাবা ছাড়া মাথার মধ্যে কিছু
ধোকে না ।
সে তুই প্রেম বল বা অপ্রেমের মতো কিছু 
সবকিছুই মাথার উপর দিয়ে চলে যায় 
সেটা দিন হোক অথবা রাত, ভোর অথবা গোধুলী,
বসন্ত অথবা শীত 
সৈকতের শাখা প্রশাখার মতোই এক-ঘেয়ে ।

তুই যে মাথার মধ্যে একদম আসিসনি সেটা বললে 
মিথ্যে বলা হবে ।
অনিয়ন্ত্রিত এই জোয়ারে 
আমি বহুদিন হেঁটে হেঁটে পার করেছি সমুদ্রের মোহনা
তোকে সাথে নিয়ে ।
তরল চাঁদের আলোতে বদল করেছি চুম্বন, কোলাঘাটে ।
স্টেশনগুলো পার করেছি বিপন্নতার হাত ধরে 
দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে 
শুধু রাস্তার আলো, কিছু ঘর বাড়ি, দোকানপাট
কিছু মাতাল ও গণিকা ছাড়া 
সেই বৃস্টিতে আমাদের কেও দেখতে পায়নি ।

সেদিন ওই সব কি ছিল, আজ তা অতীত
আমিও ভাবিনা,তোর স্মৃতি কবেই ধূলোর সাথে 
উড়ে গেছে দিগন্তের জোছনায় ।

এখন বিপন্নতা সন্ত্রাসের কালো ছায়া নিয়ে ঘিরে ধরে 
আমার পাঁজর 
ঘাতকের দল বার বার পরিমাপ করে গোলাপের রঙ ।
ফুলের বাগান ঘিরে ধরে উন্মাদ ট্যাঙ্ক ,
শুধু কিছু গান থাকে অবশিস্ট হলুদ ফুলের নৈসর্গিক 
ধারাপাতে ।
তাকেই বলি যা কিছু বলার আছে মনের গোপনে ।
সহচর কুকুরটাও জানতে পারে না
ভয়বৃক্ষের কথা, রাঙাদির কথা 
অথবা কৈশোরের সেই কিশোরী
যাকে চুম্বন দিয়ে বলেছিলাম 
'একদিন মাছরাঙা পাখির দেশে তোকে নিয়ে যাবো 
আমি একা' ।

এলোমেলো -৪

চুপচাপ বসেছিলাম নৈশ ট্রেনের জানালায়, 
যদি ফিরে আসো অধৈর্য্য বালিকার মতো
হাসি মুখে ।
শূন্যতা বাতায়ন খোঁজে তোমার নাভির সৈকতে,
হলুদ পাতায় ফিরে আসে বসন্তের সন্ত্রাস
দৃস্টির অতল গহনে ।

কাশবনেই হারিয়ে ফেলেছি জাগতিক ফুল 
ক্ষুধার্ত শিকারীর কাছে ।
শুধু বন্যতা নিয়ে আসে বিপন্ন নির্বাসন গোধুলীর মেঘে
অচেনা ইষ্টিশনে ।

ছেঁড়া পোস্টারে ফিরে দেখা শৈশব 
আলোর তরঙ্গে হারানো কৈশোর 
কিছু সংকেত লিখে ফেলা দুপুরের রোদে,
আর অন্ধকারে ঈশ্বরের সাথে জীবন বিনিময় 
বাতিস্তম্ভের নীচে নগ্ন শরীরে ।

কেউ তো এসেছিল সেদিন ঘুমন্ত এই শহরের বুকে
ঈশ্বর অথবা শয়তান
এক খাপে দুই তলোয়ার ।
বাদী বিবাদী সব একাকার
অনর্থক যুদ্ধের ভয়ে চুপি চুপি ফিরে যায় খামার বাড়িতে ।

বেজে উঠলো ট্রেন হুইসেল
নৈশ-ইস্টিশানের দিকে এখনো চেয়ে আছি আমি
সেই অধৈর্য্য বালিকার খোঁজে 
যদি ফিরে আসে আবার হাসি মুখে ।

এলোমেলো-৫

বেশ তো আছো আমাকে ছেড়ে 
সন্ধ্যা বেলায় গোবিন্দপূরে ।
এক শতাব্দীর একদিন আগে আমাকে বললে
"তোমাকে ভুলবো কেমন করে" ।
সে সব শুধু মিথ্যে গল্প কাকতাড়ুয়ার রঙীন চোখে
আমার জন্যে ।
সে যাইহোক এখন তুমি কেমন আছো জানার জন্যে,
জ্বালিয়ে দিলাম প্রেমপত্র
আমার বুকের আগুন দিয়ে
যেমন জ্বলচ্ছে আমার হৃদয় তোমার বুনো শরীরি গন্ধে ।
খরকুটো সব জড়িয়ে আছে 
নদীর কাছে ।
হলুদ ফুলের গন্ধে ভরা আমার প্রতিটি সন্ধ্যা বেলা 
ভালোবাসা ভালোবাসা বলতে বলতে 
জ্বলে ওঠে হৃৎপিন্ডের প্রদীপ জোড়া ।

তোমার জন্যে আজো আমি হাঁটতে হাঁটতে যেতে পারি
গোবিন্দপূরে
দুপুর রোদে 
কুয়াশা ভোরে 
রাতের আলো নিভে গেলে 
হলুদ ফুলের আকাশ জুড়ে আঁকতে পারি তোমার ছবি ।
আজো পারি 
সেদিনও পারতাম 
বোতামহীন বুকের মাঝে তোমার ছবি লুকিয়ে রাখতে ।

বেশ তো আছো ভাবনাহীন গোবিন্দপূরে 
নিষিদ্ধ ছন্দ মুঠোর মধ্যে 
আমাকে অনেকটা দূরে ফেলে ।

এলোমেলো -১১

স্বপ্নগুলো বিকারগ্রস্থ রূপে চুপসে থাকে নিশীথের রাতে
তথাপি আলো জ্বলে একদিন শ্রাবণের ভোরে,
ঘুমায় বৃক্ষ সারারাত কেঁদেকেটে ভুল কিছু পথে ।

বৃস্টি এসেছিল সেদিন বিচিত্র তারার মাঝে 
তুমি হেসেছিলে বিবিধ চুম্বনে,
অগছালো জীবনের ভাঁজে ।
কখনো মেঘ আসে চিরস্থায়ী জনপদে 
শুধু পাথরের ভাঁজে জাগে ফসিল ঝোপঝাড় টিলার ওপারে ।

কখনো নজরে আসে ফোঁটা ফোঁটা শিশিরের ঘ্রাণ 
ছায়াদের ভীড়ে,
শাখা -প্রশাখা মিলিত প্রত্যয়ে গড়াগড়ি দেয় 
ব্যথাতুর নতুন ক্যানভাস ।

কেউ তো আসে না কোনদিন নিরাকার শব্দের শিকড়ে
বিচিত্র বিস্ময় শুধু হেসে হেসে সরে যায়
অশরীরী আত্মার ভীড়ে ,
যেন চপল কিশোরীর ফিসফিস কিছু প্রেম 
নিথর আলোর মাঝে ।
চিত্ররূপ স্বপ্নের ভাঁড়ার বার বার ফিরে আসে 
গলি পথে
লতাগুল্মোর ভীড়ে,
নিভৃতে শূন্য- সাবলীল
এক মূহুর্তকাল নীল রঙে একাকার হয় 
অপেক্ষার জলরেখা
নতমুখে ফিরে যায় সাগরের ঢেউয়ে ।

এলোমেলো -২৯

আজকাল লিখতে বসলেই আপনার কথা মনে হয়
কিছু কিছু লাইন আগের থেকেই ভাবনার মধ্যে ছিল
আপনার জন্যে
আসলে সেই লাইনগুলো না লেখা অব্দি 
অন্য কিছু ঠিক লিখতে পারছি না বহুদিন 
কত কি লেখার আছে
যোগীনাথের যোগ চর্চা 
মোদিনাথের আচ্ছা দিনের নস্ট গল্প ।
কিন্তু কিছু তো আসে না মাথায়, 
লিখতে বসলেই মনে পড়ে আপনার জন্যে চিন্তার সেই 
লাইনগুলো ।

ওই যে দু'দিন আপনাকে দেখিনি
আপনাকে দেখা মানে কিন্তু মুখোমুখি নয়, সবুজ বাতির সংকেতে
আপনাকে দেখার আমার পরিধি ।
আপনা সুন্দরী বললেই আপনি রেগে যান 
যদিও বলেন আপনার লজ্জা লাগে
কিন্তু আমি অনুভব করি রাগ ।
সে ভীষণ রাগ
আলো আঁধারের দিক দিগন্তের ভয় এক সাথে
আমার বুকের মাঝে ।

পুরো একটা জন্ম চলে যাবে আমার
তবু আপনাকে নিয়ে আমার কাব্যের ইতিহাস 
অপূর্ণ থেকে যাবে শব্দের ভান্ডারে ।

আপনার রাগ হবে ভেবে কত কত দিন
'সুপ্রভাত জানাতে পারিনি'
আমার তো প্রতিদিন মনে হয় আপনাকে 
লিখি এক একটা নতুন নতুন শব্দে ।

কিন্তু লিখে কি হবে
আপনি তো রেগে যাবেন

কত কত লোক তো আমার কলমকেই নিষিদ্ধ করে দিয়েছে

সেই যাইহোক না কেন
আমি তো লিখবোই আপনার গল্প 
আমার মতো করে আমার গদ্যে পদ্যে ।

ফুলের ইস্তেহার -৭৩

দেবোলীনা 
তুমি আকাশ দেখছো কখনো আমার চোখে
চন্দ্রীমার
যন্ত্রণা দেখছো কখনো আমার চোখে ।
পর পর আমার সব আলোগুলো তোমাদের কাছে
তোমার কাছে
তোমাদের পায়ের কাছে
এক একটা বিন্দুর মধ্যে সাজিয়ে রেখেছি ।
তোমার পাঠানো হাত মোজা
তোমাদের পাঠানো নানা রূপ আলোর আঁধার 
কেও কেও চোখ তুলে দেখেছে ,
কেও ছুঁড়ে দিয়েছে আলোর বন্যার মাঝে ।
দেবোলীনা
তুমি কোন দ্বীপের আলপথ দেখোনি
তুমি দেখোনি চদ্রিমার আলোর আকাশ, 
মহুয়ার জঙ্গলে শুধু মদ পেয়েছি
ভালোবাসা খুঁজেছি শুধু তোমাতে ।

তোমাকে বলার মতো কিছুই ছিল না 
কারণ এই দ্বীপে পাখিদের কোন ভাষা নেয়
এই দ্বীপে মানুষ আসে না 
শুধু কিছু প্রেমিক পাহারা দেয় ভালবাসার কবর ।

মনিয়া এসেছিল 
তার প্রিয় ফুল নিয়ে
হলুদ ফুলের আলোয় সেদিন ভোরে ছিল কবরের গান
দু'হাতে আগলে ছিল সামুদ্রিক স্রোত
মাতাল হয়ে ঘুরেছিল রাস্তায়
প্রতিবেশী পাগল গেয়েছিল গান
ঝরণার তালে তালে নেচেছিল পাহার,
পাগলের উন্মাদ কবিতার খাতায় ।

কে ডাকে দেবোলীনা 
কাকে ডাকছো তুমি এই ভোরের বাতাসে
কেন ডাকছো তুমি আজ বসন্তের বারান্দায় 
পৃথিবীর প্রেম কখনো দেখিনি আমি 
তবে কেন প্রেমের ভাষা বলো আজ 
মেঘেদের আলোর মাঝপথে ।

এলোমেলো -১৫

আমার তো কোন ভালোবাসার দরকার নেই 
কি হবে 
কিই বা হতে পারে
সেই তো শরীরের বদল, যদি না শরীর থাকে
তারপর পরপুরুষ অথবা পরো মহিলা
সবই সেই জোগাড়
আমার প্রয়োজনে তুমি আছো, তবে প্রেম আছে
আমার শরীর শেষ , সেইখানেই প্রেম শেষ ।
তারপর তোমার ঠোঁটে সেই জ্বালা নিয়ে কি করবো আমি
অথবা আমার সেই শরীর ।
কি আসে যায় , সবই দরকার, সবই জোগাড় 
প্রয়োজনে বদল করো অথবা
আমার মতো সরে যাও 
যেভাবে আমার থেকে চলে গেছে হলুদ ফুল অনেক দূরে
এখনো তো বুকের মাঝে জ্বালা হয়
ট্যাক্সিতে সেই শেষ চুম্বন
তারপর তার এখন ভালোবাসার অনেক লোক 
আমি নেই সেখানে
সেইখানেই শেষ হই আমি প্রতিদিন
হলুদ ফুল জানতেও পারে না
জেনেই বা লাভ কি তার
সেতো পেয়ে গেছে প্রেম 
আমি তো চিরকাল থেকেছি দূরে 
আলোক বিন্দুর থেকেও দূরে
ধুর 
এই সব 
আমি তো আসলে সেই পুরুষ অথবা নারী
অথবা তোমার মতো কেউ একজন
আমি তো তোমাকেও বুঝিনি কখনো, 
তবে দূরে কেন
সেই তাল গাছটার কাছে গিয়ে
যতবার ইচ্ছে হয় মাতাল হতে পারো
আমি তো সেই মানুষ 
নারী অথবা পুরুষ 
ভালোবাসাহীন এক একটি আঁধার শুধু 
জীবাণু নিয়ে আসে জীবনে প্রতিদিন ।


সন্ত্রাস- এক নতুন আগমন

কখনো হেসেছিলাম তোর জন্যে মন খুলে
রেলিঙের ধার ঘেঁসে ছায়ার চপল মন দিয়ে
বলেছিল তোর গল্প ফুটন্ত বসন্তের গানে ।

বিবর্ণ বাতিস্তম্ভে ঘেরা আমার রোদ্দুরে তোকে
ডেকেছিলাম মনে মনে নিঃসঙ্গ পথিকের মতো
ঘুমন্ত মনের মাঝে
মৃত এই শহরের বুকে ।
খুলেছিলাম দরাজ জানালা ফাল্গুনের আঁধারে,
ধর্ম নয় মানবিক মুখ খোঁজ আজ পাখির পদ্যে,
গৈরিক সন্ত্রাস আর তিন বোতল ভোদকার তালে
আরো কতো নাচবি আর মৃত এই শহরের বুকে ।

নিরুপায় সংকেত শুধু ভাসে আনাচে-কানাচে
অলিতে গলিতে উন্মাদ ঢোলের তালে তালে
কত কি হারিয়ে ফেলি ডুবন্ত এই দ্বীপের চারিপাশে ।

তোর সাথেই হেসে ফেলি মনের অজান্তে তরঙ্গের
রাত্রিদিন ভাসে অজানা সন্ত্রাসে ।

এলোমেলো -৩০

আমি শুধুই আগুনের গল্প লিখতে চেয়েছিলাম
তোর জন্যে
পৃথিবীতে ঘিরে থাকা ছন্দের সাথে কোন গল্প
ছিলনা আমার ।
অচেনা ফাল্গুনেই বিনস্ট হয়েছে প্রেম গতিময়
আঁধারের পথে ।
তুই অচেনাই থেকে গেলি আজো নদীর মোহনায়
অগনিত মুকুলের ঝাঁড়ে ।

তবু খুঁজি তোকে ছোট ছোট বালুকা রাশির ভীড়ে,
সাগর সৈকতে,
রূপান্তরিত পাথরের বুকে,
যদি জেগে উঠিস আরো একবার পুস্পিত লতা ও পাতায়,
পৃ্থিবীর ঢেউয়ে,
আগুন আর প্রেম হয়ে পাঁজরের চারিপাশে ।

লিপিবদ্ধ এই হাঁটা পথে তোর জন্যেই কিনেছিলাম
স্মৃতির চাঁদের আলো
কতিপয় পাখিদের সাথে ,
ঈষৎ বিস্মিত এই আগুন পাখির দেশে
বিকেলের রোদ ছুঁয়েছে নাভি নস্ট এই হৃদয়ের মাঝে ।
তারপরই চলে গেলি পাখিদের সাথে
আমাকে ফেলে চেনা আঁধারের দেশে,
সমুদ্র সৈকতে
হারানো আরো কিছু পাখিদের খোঁজে ।

এলোমেলো -৩৬

বিপন্ন সুরে কথা দাও ফিরে আসবে আগুনের গানে 
প্রেম হয়ে ।
সে গানে সুর থাকুক বা না থাকুক কি আসে যায় তাতে
শুধু প্রেম রেখো, 
তরঙ্গ নির্ভর নয় সুর 
শুধু মননের গান শ্রাবণের কথা বলে 
বধির আলোর মাঝে ।

কত দূরে যাবে তুমি খন্ডিত আলোক বর্ণের সাথে,
কাছে এসো -
কতটা কাছে আসা যায় 
একদিন জানাবে বলে চলে গেলে 
আজো সেই অপেক্ষায় মুখোমুখি আমি খন্ডিত হৃদয় 
নিয়ে বৃক্ষের কাছে ।

তুমি আলো হতে চেয়েছিলে 
আর আমি ছায়া 
অনেকটাই বেমানান সব কিছু তোমাতে আমাতে 
তবু সুর এসেছিল সেদিন 
সেটা কি মাস !
গোধূলির আলো ছুঁয়েছিল শরীর অচেনা ফেরী ঘাটে ।

অখন্ড কাব্য

মৃত সব পাখিদের ডাক তুমি কি শুনেছো কখনো
অহংকারী প্রেমে
আমি তো হারিয়ে গেছি বহু বছর মৃত সব জানালার
গায়ে 
শুধু কিছু বিবর্ণ মালতি ডাক দেয় ফুলের বাগানে ।
আমার কি আছে 
কিছু নেই 
কিছুই ছিল কোনদিন আমার আগে বা পরে ।
শুধু পাখিদের ডাক আসে
ভোরে
গোধূলীর আলোর আঁধারে ।
প্রেম 
সে কোথায় 
কখনো আসেনি,
আসেনি কখনো আমার বারান্দায় 
অথবা টবে ।
তবে তুমি এসেছিলে কেন
কেন আকাশের গল্প নিয়ে বিবর্ণ ধারাপাত লিখে দিলে
নির্বাসিত পাথরের বুকে ।


অখন্ড কাব্য

মৃত সব পাখিদের ডাক তুমি কি শুনেছো কখনো
অহংকারী প্রেমে
আমি তো হারিয়ে গেছি বহু বছর মৃত সব জানালার
গায়ে
শুধু কিছু বিবর্ণ মালতি ডাক দেয় ফুলের বাগানে ।
আমার কি আছে
কিছু নেই
কিছুই ছিল কোনদিন আমার আগে বা পরে ।
শুধু পাখিদের ডাক আসে
ভোরে
গোধূলীর আলোর আঁধারে ।
প্রেম
সে কোথায়
কখনো আসেনি,
আসেনি কখনো আমার বারান্দায়
অথবা টবে ।
তবে তুমি এসেছিলে কেন
কেন আকাশের গল্প নিয়ে বিবর্ণ ধারাপাত লিখে দিলে
নির্বাসিত পাথরের বুকে ।

এলোমেলো -৫৪

সরি উত্তর দিতে একটু দেরি হয়ে গেলো,

রাস্তার আসে পাশে যে এবড়ো খেবড়ো

প্রেম, আশা, স্বপ্নগুলো ছড়িয়ে পড়েছিল

কিছুটা শান্ত মনে গুছোতে চেয়েছিলাম

যদিও সবগুলোই বাতাসের ঝাপটায় কোথায়

ছড়িয়ে পড়লো ঠিক বুঝতে পারলাম না ।

সরি উত্তর দিতে একটু দেরি হয়ে গেলো

কিছু মনে করবেন না ।


-------------------২১/০৯/২০১৭-----------------


 

ছেঁড়া ক্যানভাস

আজ তোমাকে আমি কিছুই বলবো না ভাষাতে 
শুধু চেয়ে থাকবো অই কালো হরিণী চোখের দিকে ।
দূরে আছো তো কি হয়েছে
আমি তো দেখতে পাচ্ছি তোমার কালো শরীরের ভেতর 
শরীরটাকে 
 আমি তো শুনতে পাচ্ছি তোমাকে, তোমার নিঃশ্বাসে 
তোমার আগুনে , তোমার ডানার ঝাপ্টায় আমি খুঁজে 
খুঁজে পাচ্ছি এক একটা দিন ও দিগন্ত ।

আমার ভালো লাগাগুলো অনেকটা দূরেই ফেলে দিয়েছি
তোমার বসন্ত এলে আমিও রঙিন হবো একদিন ।

যাপন করবো আলোছায়াময় রাত্রিদিন তোমার সঙ্গে 
তোমার কালো স্তনে ভরে দেবো পূর্নিমার চাঁদ
গোলাপ বাগানে ।
অদ্ভুত রঙিন মেঘের আড়ালে, ফুটফুটে জোছনায়,
ভায়োলিনের সূরে নেচে উঠবে বাঁশ-বাগানের আঁধার 
বিষাদ বিস্ময়ে ।
প্রিয় কোকিলের সূর এনে দেবো পাঁজরের চিৎকারে ।

তারপর পুঞ্জিত মেঘের সমারোহে হঠাৎ একদিন 
ছিঁড়ে যাবে আমার ক্যানভাস
কাব্যের বিপন্ন প্রত্যয়ে উড়ে যাবে ভয়ার্ত পাখির দল
অদৃশ্য ফাল্গুনে ।

নিঃসঙ্গতা

তবে কি তুমিও ফিরে গেলে নিসর্গ সেই মহুয়ার
জঙ্গলে 
চেনা মন চিনতে পারোনি কোনদিন আঁধারের
রাতে 
মনগুলো ছুঁয়েছিল কুয়াশার ভোরে রূপকথার
দেশে
খেলনা বাটিগুলো এখনো সেখানেই আছে পড়ে
ভেঙে গেছে পাখিদের কলরব নিরব নিশ্চুপে 
অভিমানী বিমর্ষ চোখে খুঁজেছি শূন্যতা
কালো মেঘে ।
মনের গভীরতা ছুঁয়েছে কল্পনা বুনো সব হরিণীর 
ডাকে 
মাঝে মাঝে কাছে এসেছো শরীরের খুব কাছে 
মনের বিবর্ণ বিস্ময় থেমে গেছে জটিল ব্যাকরণে ।
অচেনা তুমি 
পাঁজরের ভাষায় কতবার ডেকেছি তোমায় প্রেমে
ঘৃণা করে ফিরে গেছো উথাল পাথাল ঢেউয়ে,
অরণ্যের গানে,
শুধু অবাক বালকের মতো দেখেছি তোমাকে
রূপকথার রোদ্দুরে ।

বিবর্ণ ধারাপাত

এখন আর ভালোবাসার গল্প লিখতে পারিনা 
রঙীন আলোগুলো নিভে যায় রোদ্দুরে 
স্মৃতির গল্পে অতর্কিত নেমে আসে বিষণ্ণ সানাইয়ে সূর 
দূরে দূরান্তে শৈশব কেড়ে নেয় লম্পট পুরুষ ।
কে যায় -
রাতের অন্ধকারে হরি বলের ধ্বনিত্ব সূর, কান্নায় ভাঙে 
ভোর ।
বিবর্ণ আকাশ, হিজিবিজি লিখি নরকের কীটের মতো 
নাগরিক বার্ধক্যে ।
বহুবার বদল করেছি হৃদয়ের নিঃশব্দ গান ।
বিষাক্ত শরীর খোঁজে প্রেম 
বৃক্ষের ভয়ার্ত পাখিদের বুকে 
লতানো নাভিমূলে ।
হিংসার নিরুপায় সংকেত নিয়ে ফেরে প্রাচীন নাবিক
আলোর তরঙ্গে
আঁধারের জঙ্গলে 
অবেলার ডাকে ।

কোন এক অচেনা দ্বীপের কাছাকাছি ফেরে নাবিক
অস্ফুট আঁধারের রাতে ।
কে যায় 
নিকট সন্ধ্যায় নিথর দ্বীপের আলোতে ।
কে ফেরে
বিপরীত গণিতের পাঁজরের ভাষা নিয়ে ।
প্রশ্নগুলো দৃশ্যাতীত, কেউ কেউ উজানের টানে
ভাসে নাগরিক প্রেম নিয়ে ।

কেউ কেউ যদিও জানতো বিবেচনাহীন একটা জীবনের গান
প্রত্যঙ্গ রূপে
বস্তুতঃ ব্যাকরণ পদ্ধতির আড়ালে আমি হারিয়ে ফেলেছিলাম
সুদীর্ঘ অতীত ।
কেবল উচ্ছ্বাসের বিষাদগুলো জেগেছিল রাত-ভোর 
কুসুমিত অভীপ্সার যন্ত্রণা নিয়ে 
নির্বিকার পাখির মতো 
এক ডালে ।

ক্লান্তি

ঘুমিয়ে পড়তে পারলে ভালো হতো
কতগুলো মেঘের সাথে
রাতে অথবা দিনে
তোমার কাছে অথবা তোমার থেকে দূরে,
ঘুমের মধ্যেই না হয় খুঁজে নিতাম হায়নার আলো ।

কখনো মাঠ পেড়িয়ে তোমাকে দেখেছি
কখনো মুখোমুখি তোমাকে চিনেছি
আসলে এই শরতে ঝিলমিল রোদের কথা
বলতে পারিনি তোমাদের কাওকে ।
শুধু কিছু দল ছুট পাখিদের মতো খুঁজে ফিরেছি
সেই পুরাতন কিছু স্মৃতি ।
অবয়বহীন রাতে কতবার তোমাদেরকে 
বলতে চেয়েছি
আমার কিছু নিষিদ্ধ ভাষা 
আমার কিছু গোপন প্রয়াস ।
অথচ মেঘেদের দল এসে সব কিছু ভাসিয়ে 
নিয়ে গেছে 
শুধু কিছু ভেজা আসবাবের গায়ে লেখাছিল
তোমার নাম
আর কিছু ছিলনা সেদিন ।

আর সেইদিন থেকে আমি হাঁটতে হাঁটতে 
যেতে চেয়েছিলাম মেঘের মোহনায় ।

অনন্ত এক তামসিক আঁধার আমার শরীরের 
বিন্দুর সাথে মিশে গেছে 
এসেছে ঘুম
ক্লান্তির অবগাহন ছুঁয়েছে মন ।
অথচ হায়নার ছোবলের মাঝে আসেনি ঘুম 
শুধু চেয়ে থেকেছি 
আমার অচেনা শহরের মানুষের দিকে
চেনা মুখ
চেনা ভাষার শব্দের ছন্দে
ঘুমোতে চেয়েছি 
তোমার কাছাকাছি অথবা তোমার থেকে দূরে ।

শুধু তোকেই

সময় ছিল 
ভালোবাসা ছিল না
রাগে মধ্যে যন্ত্রণাছিল ।
প্রেম ছিল কিনা জানিনা
জানবো কি করে
কি ভাবে প্রেম জানা যায় তা আমার জানা নেই
আমি তো চিরকালে উজবুক এক পুরুষ
অনেক নারী 
বলে গেছে মন থেকে ।
আমি কখনো সেভকের হরিয়ালী দেখে অবাক 
হতে পারিনি
কখনো মৌলালীর মোড়ে অবাক করেছে 
কোন নতুন ভাষা ।
আসলে আমি তোকে দেখতে চেয়েছিলাম
তোকে মানে তোকেই
অন্য কাওকে না ।
তোর নাভির নীচে যে তিল আছে
তোর স্তনের ভাঁজে যে আলো আছে
তোকে কখনো তোর মতো করে
আমি কেন, কেও ভাবেনি কখনো ।
আস্তে আস্তে সব দরজা খুলে যায়
সব পাখিরাই আসলে ঘরে ফিরে যায় 
শুধু কিছু মাতাল আর কবি
বসে থাকে 
জানালার পাশে ।

বলার ছিল

আমার বেশ কিছু কথাছিল তোমার সঙ্গে 
কবে বলবো 
তুমি কবে সময় দিতে পারবে
কবে আসতে পারবে গোধূলীর রাতে ।
কবে কবে তুমি পড়াতে যাও
কবে কবে তুমি পড়তে যাও
কবে শপিং মলে 
কবে সিনেমা হলে
কবে ফিরবে ভ্রমণ থেকে ।

আমার অনেকগুলো কথা তোমাকে বলার ছিল
অনেকগুলো রাত তোমার সাথে 
জেগে জেগে 
তারপর হয়তো কথাগুলো বলতে পারবো
তুমি ভাবছো কি এমন কথা
সত্যি কি কোন কথাছিল কোন সময়ে
শুধু হাতে হাত রেখে চেয়েছিলাম
শুধু চোখে চোখ দিয়ে দেখেছিলাম
শুধু ঘাতকের সাথে পার করতে পারিনি 
নদীর মোহনা ।

আমার বলার ছিল তোমাকে অনেক কিছু
যেমন নদীর স্রোত কি করে প্রবাহিত হয়
যেমন মাছগুলো কি রকম ডাঙায় উঠে মরে যায় ।
যেমন ভোরে পূবদিকে তাকালে সূর্য্যের লাভা দেখায় যায়
যদিনা আকাশে মেঘ থাকে ।
আর অনেক কিছু বলার ছিল
লিখে রেখেছিলাম স্লেট পেন্সিলে 
কিন্তু কখন যেন বৃস্টি এসে ভাসিয়ে দিল 
আমার সব ।

প্রথম অথবা কিছু একটা

প্রথম প্রেমের শুধুই গল্প শুনে গেলাম 
অনুভবে এলোনা কখনো ।
রাতের অনুভবে মাতাল হতে ভালোবাসি প্রতিদিন
টালমাটাল সন্ধ্যাগুলো হাতছানি দেয়, 
মেয়েরা শাঁখ বাজায় 
কোথাও কখনো বা সেই শাঁখে ফুঁ দেয় মাতালের দল ।

শহরে বৃস্টির ছবি 
হাঁটু অব্দি জলে ভাসে ভবিষ্যৎ ।
ভাষাগুলো কখনো সখনো পাল্টে ফেলি, 
ঘাতকের চোখে প্রেম খুঁজি দুপুর সকাল রাতে ।
অনুভবে কখনো এসেছো 
কখনো চলে গেছো অনুভবের ভাবের আকাশে
শুধু বলে গেছো প্রথম প্রেমের কিছু কথা
কিছু ডালাপালা
কিছু মৌমাছি
কিছুক্ষণ ওলোট পালোট শব্দ-জ্বব্দে ।

জ্বরে অনেক কিছুই পাল্টে যায়
কিছু কিছু ভালো লাগে 
কিছু কিছু ভালো লাগতে সময় লাগে ।
অনুভব ছাড়া প্রথম-প্রেমের গল্পগুলোর মতো
ভালো লাগা
কখনো বা বড্ড বেশি মাথার ব্যথার কারণ মনে হয় ।

তবে কি জানো 
আমার না-ভিত্তিক চিন্তাগুলো যে তোমার ভালো লাগে না
সেটা আমি জানি ও বুঝি ।
তুমি বলবে 
প্রথম প্রেম নিয়ে এই রকম কেও লেখে নাকি ?
আমি কিছুই বলবো না ।
আমার অনুভবের আলোগুলো বেশির ভাগই 
অন্ধকারে জন্ম নিয়েছে ।
এতোদিন অনেক কিছুই বলেছি ভাষাতে 
এখন এক বিমূর্ত-বালকের মতো 
তাল গাছে উঠে
মাতাল হতে ইচ্ছে করে ।
বিশেষ করে সন্ধ্যে হলে
যখন তুমি লালপেড়ে শাড়িতে প্রদীপ জ্বালাও
আমার উঠোনে ।
প্রথম প্রথম অবাক লাগতো
এখন অভ্যেস হয়ে গেছে ।
কারণ প্রথম সব কিছুই তো আমি নস্ট করে 
ফেলতে চেয়েছি 
আমার অনুভবের অন্ধকারে ।

স্বাধীনতা

কাঁদতে কাঁদতে এক রাস্তার শিশু এসে বললো
স্বাধনতা কি ?
আমি বললাম তুমি বুঝবে না
তোমার বয়স হয়নি
সে ফিরে গেলো
কিছু পরে তার মাকে নিয়ে এলো
হাড়ের মাংসটাও লজ্জা বোধ করে
ওই শরীর দেখার পর
আমার প্রথমে উনাকে ভারত মাতা মনে হলো
তারপর ভারত মাতার ছবির সাথে কোন মিল নেই
তখন বুঝলাম উনি তো সেই বোকা শিশুটিরমা
আমাদের ভারতমাতা কত সুন্দরী
শালা দেখলেই প্রেনাম করতে মন চাই ।
আরে এই হা-ভাতে মেয়েছেলেগুলো কোথা থেকে
এলো এই আমার দেশে 
কেন এলো
মোদির দশ লাখ পোশাকের পাসে তুইে কেন এলি মা
তুই ভারতবাসী না
তুই ভিক্ষারী ।
তোর বয়স কতো
তুই কি আসলে মা হয়ে গেছিস 
অনেকগুলো প্রশ্ন 
উত্তর কিছু নেই ।
এখন আজকাল দেখেছি
কিছু কিছু বেশি বুদ্ধিমান 
হঠাৎ করে সেনাদের নিয়ে পড়েছেন 
ভাবখানা এমন যেন মোদি আসার আগে তারা কেও
প্রাণ দেননি ।
সেই বুদ্ধিমানরাই আমাকে ভারতা মাতার ছবি দেখিয়েছিল
সেদিন আমার মনেহল ভগবান আর ভারতমাতার মধ্যে
কোন তফাৎ নেই
আসলে ভগবানও নেই
ভারত মাতার ওই ছবিও আসলে নকল ।
আমার ভারত মাতা সেই ভিক্ষারীর মা 
আমার ভারত মাতা সেই ভিক্ষারীর কন্যা
আর স্বাধীনতা 
ওটা নিছকি কথার কখা ।
ওগুলো নিয়ে ভাবতে হয় না ।

দাম্পত্যের প্রতিদিন

ধূর ভালো লাগছে না
কোথাও হারিয়ে যেতে পারলে ভালো হতো
না তোমার আঁচলে আর না ।
এক এক করে সব কিছুই তো খুলে নিয়েছো,
হলুদ বাগানের ফুল থেকে শুরু করে
মালার ভাটিখানা
কিছুই তো রাখতে পারোনি আমার জন্যে ।
অথচ দেখো কাগজ পেন্সিলে তোমার জন্যে
কত কত শব্দ লিখেছি
শব্দ থেকে বাক্য 
আর বাক্য থেকে অনূভুতি,
কিন্তু তোমার চোখে গোলাপের গল্প শুনতে পারিনি 
কখনো ।
রাস্তা পার হতে সময় লাগে
নদী পার হতে সময় লাগে আরো বেশি
আরো অনেক স্বপ্ন 
আমি হাঁটতে হাঁটতে হারিয়ে ফেলি
তোমার জানার ইচ্ছে হয়নি কোনদিন ।
তোমার ভাবনাগুলো বড়ো অদ্ভুত
কখন যে কি তোমার ভালো লাগে
আমি জানতে পারিনি ।
সেটা দুপুরের রোদে বলো 
অথবা পা থেকে মাথা অব্দি টালমাটাল কোন রাতে ।

এলোমেলো- ৬

যত তাড়াতাড়ি তুমি মাথা নিচু করতে পারবে
সরল অভিধানে খুঁজে পাবে মাংসের শরীর ।
পোকামাকড়,ইটে বিছানা অথবা
মন্দিরের চূড়ায়
বসে যত তাড়াতাড়ি তুমি খুলে ফেলবে
কাপড় জামা
তোমার অন্য শরীরের গল্প যত তাড়াতাড়ি
শেষ হবে
তুমি চিনতে পারবে তোমার পুরুষকে ।
যতক্ষণ মোমবাতির আলোতে 
তুমি লিখতে পাড়বে 
শ্মশানের কুকুরটাও চিনে নেবে তোমাকে ।
তারপর সুদ্ধিকরণ হবে তোমার আত্মার 
তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে 
চূল্লীর দরজায় ,
হাড়-হিম করা জ্বলন্ত আগুন 
তোমার সাথে কথা বলবে প্রেম ও পরিণয়ের কিছু কথা ।
যেন তোমাকে চেনে বহু শতাব্দী ধরে,
এতোদিন শুধু অন্ধকারেই খুঁজেছো সব
আজ আলোর কাছে 
 তুমি চিনেছো তোমার পুরুষ ।

এলোমেলো -৭

তোমার কথা ভাবতে ভাবতে ছায়ার শরীর 
স্বপ্ন খোঁজে
ঘনাল নিশিথ আলতো করে দগ্ধ দুপুর
তোমার হাতে
কেউ কখনো জটিল করে চাঁদের বুড়ির 
নিষিদ্ধ গানে
তোমাকে ডাকে আলিঙ্গনে ।
ফেরানো যাবে এমন কিছু ক্ষতচিহ্নের রোমন্থনে
শীত সকালে ।
অবজ্ঞা শুধু আমার জন্যে তোমার মনে 
স্মৃতির প্রদীপ আঁকড়ে ধরে তোমাকে ডাকি মধ্যরাতে ।
বাঁশপাতা শব্দে ভাসে দেবতা আর ভুতের দেশের
গল্পগুলো জেগে ওঠে।
সুদূর শৈশব আমার মনে হারিয়ে ফেলি কপালদোষে,
ছায়াহীন জলের ছবি কখনো ভাসে কখনো আসে 
গাছে নীচে ,
আজো ডাকি প্রেমের মাঝে, যদিও চোখের আলো 
অস্ত গেছে ,
পিঁপড়েগুলোই শুধু বোঝে আমার ভাষা এই বসন্তে । 
অজানা কিছু ঠিকানা খুঁজি তোমার আমার 
স্মৃতির ভাঁজে
ভাবতে থাকি মনে মনে 
যদি আরো একবার শুরু হতো রান্নাবাটির ধোঁয়ার মাঝে
তোমার আমার প্রেমের পদ্য নস্ট এই বৃক্ষ-ফুলে ।

এলোমেলো-৮

অভিমানের কাচগুলো সব ঝুলিয়ে রাখি 
দেওয়াল জুড়ে,
খুব কখনো বৃস্টি হলে ভাসিয়ে দেবো বাণের জলে ।

পোড়া গন্ধে শহর ভাসে আর্তনাদ আসে গভীর বুকে,
আমার জানা আমার চেনা মানুষগুলো কখনো যে
পাল্টে যাবে 
বুঝতে বুঝতে মুক্ত বাতাস ঝাপিয়ে আসে 
আমার রাতে ।

শিকড়গুলোর বাঁধনছিল হাওয়া চলাচল
আঙুল মাঝে ।
কখনো কি বুঝতে পারো অক্ষরহীন ফুল বাগানে 
তোমার প্রেমে লুকিয়ে থাকে একটা যুবক,
নিজের ভেতর
লুকিয়ে রাখে পরমব্রহ্ম ফুল ফোটানোর অন্ধকারে ।
কখনো ভাঙে দেওয়াল জুড়ে অভিমানের 
চোখের ভাঁজে
টুকটুক লাল রোদ্দুর যখন মেঘ দেখে পালিয়ে বাঁচে ।

অলস কিছু প্রতিক্রিয়া ছায়ার মাঝে পাথর দেশে
ক্ষত বিক্ষত দেওয়াল জুড়ে আজো হাসে
ন্যাংটো ছেলে,
কোথায় যেন দেশটা ছিল, তাড়কাটা ঘেরা
দিক দিগন্তে ।
অভিমানগুলো এখনো আছে সেই পুরণো
দেওয়াল জুড়ে,
হৃপিন্ডের আগুনগুলো এখনো আছে ফুটপাথের 
সেই জঙ্গী-দলে,
দেওয়াল জুড়ে ,
অভিমান শুধু বদলে গেছে স্বপ্নগুলো বেচতে বেচতে ।

এলোমেলো- ৯

ঘুমন্ত মন ফুলের মধ্যেই জেগে থাকলো দু'চোখ ভরে 
লোকালয় থেকে অনেকটা দূরে সঙ্গহীন রাতের বেলা,
চিন্তাপথের সেই ঠিকানা কেউ জেনেছে বৃত্ত মাঝে,
কেউ চিনেছে অভিপ্রায়ে লোকচক্ষুর গোপন প্রণয়ে,
আমাকে অবশ্য শূন্যগুলোই ঘিরে থাকলো রান্নাঘরে ।

নক্ষত্রের বিষণ্ণদিন তোমার জন্যই এই ক্যানভাসে 
লিখে ফেললাম রঙিন কিছু পথের ছায়া দিক দিগন্তে ।
কিবা আসবে তুমি না থাকলে অবিভক্ত এই রাত্রি কালে
আমি তো আসবো উৎসমুখী কুয়াশা নিয়ে ঘাসের মাঝে,
লিখতে লিখতেই হারিয়ে ফেলবো নতুন কোন ছবির গল্পে ।

হারিয়ে ফেলি বিল্মবিত গানের ভাষা এক-পাত্র মদ্যপানে
বৃস্টি এলো দুপুর রোদে ।
ভাসবো বলেই বেড়িয়ে পড়লাম শূন্যতার অবাক পথে,
অনেকগুলো রাস্তা খোলা নির্বিকার এই সন্ধ্যা বেলায়
আমার জানা তোমার পথে বিন্দুগুলো হারিয়ে গেছে ।
দিকশূন্য আমার পথে
বৃক্ষ এখন বেদনাহত
নিয়তি রাতে 
খবর আসে ইলেট্রনিক লিপি-কাব্যে ।

চুম্বনেও সুখ ছিলনা তিস্তা অথবা গঙ্গা পারে
মর্মাহত শিশির শুধুই ভিজে গেছে শীত সকালে 
তবু কেন বৃত্তগুলো খুঁজতে গেছি ফুলের সেই ঘুমন্ত মনে ?
প্রশ্নছিল অনেক বছর রঙিন সেই বিকেল রোদে 
আজো আছে, এখনো আছে অন্ধ্যের এই ছায়ার মাঝে
লোকালয় থেকে অনেকটা দূরে শূন্য কিছু ভাষার ছন্দে ।

এলোমেলো - ১০

আগুনের কথা তোমাকে দেবো এমন ছিল শব্দ-জব্দে
কিন্তু কোথায়? সব কিছুই যে ছিঁড়ে গেলো 
স্বপ্ন দেখা মেঘের খেয়ালে ।

বিরক্ত সব সময়গুলো আমার সাথেই জড়িয়ে আছে 
তুমি যেমন বিরক্তি নিয়ে ফিরে যাও অন্য কোন
পুরুষ বুকে ।

এমনটা নয়, এই কিছুদিন আমি আছি বিরক্ত নিয়ে
প্রথম থেকেই এমন একটা ঘনঘটা বৃস্টির সাথে
জাপ্টে আছি আমার উঠোনে ।

সময়গুলো সব আস্টেপিষ্টে আমাকে ধরে খামখেয়ালি 
প্রেমের নামে,
ভুলগুলো সব আমারই আঁকা 
পোস্টারের দেওয়াল জুড়ে,
ফুটপাত থেকে কানাগলি 
যেখানে দেখবে হতাশা সব বাক্য লেখা 
পুরনো সব গানের মাঝে
আমার গল্পের শুরুর কথা লুকিয়ে আছে 
সব সেখানে ।

আগুনের সব বাক্যগুলো আজো আছে পাঁজর মাঝে
থাকবে হয়তো আর কিছুদিন 
তোমার সাথে গল্পে পদ্যে খানিকটা শুধু ভূমিকাবীহিন,
তারপর সব হারিয়ে যাবে এলোমেলো এই পদ্যকাব্যে ।

এলোমেলো -১৩

আমি তোমাকে ভালোবাসি, কতবার বলবো
কিভাবে বলবো আমার তো জানা নেই ।
জানবোই বা কি করে
আমি তো আকাশের ভাষা জানিনা
তোমার আকাশ তুমি জানো
তোমার ভাবনা তুমি বোঝ
আমার তো কোন ভাবনা নেই
আমি আছি তোমার কাছে অথচ তুমি নেই
কি দারুণ ব্যাপার তাই না

কি আসে যায় তাতে,
আমি মরে গেলে কি হবে
কে দেখতে আসছে
আমি তো দেখতে আসবো না
তুমি আসবে কি দেখতে
এসে কোন লাভ হবে না ।
তোকে তো আমার ভীষণ ভাবে চুম্বন করতে ইচ্ছে হয়
দীর্ঘ সে চুম্বন।
কবিতাকে যে ভাবে করি প্রতিরাতে
আমার শরীরের সব গল্প দিয়ে
যে ভাবে জন্ম নাও তুমি
কবির জঠরে
আমকে তো তুমি কবিও ভাবোনি কখনো
আমি যে কিছু লিখতে পারি
আমি যে কিছু বলতে পারি
তোমার জন্যে অথবা আমার জন্যে ।
তোমার সাথে প্রেম করার জন্যে
মদের কোনদিন প্রয়োজন হয়নি আজো নেই
তুমি জানোই না কতো ভালোবাসি আমি তোমাকে।
আমি তো তোমার জন্যে মরতেও রাজি
অথবা কাওকে মারতে ।
তুমি তো হলুদ ফুল না
আজ এখানে কাল সেখানে ঘুরে বেড়াবে
নিজের জন্যে ।


এলোমেলো -১২

অর্থহীন কিছু শব্দ নিয়ে খেলতে খেলতে মনে পড়লো
তোমার কথা
মনে পড়তেই লিখে ফেললাম দু'চার কথা খোলা 
গোধূলীর মত্ত বেলায়
কে যেন তুমি মিথ্যে মিথ্যে গল্প বলে চলে গেলে তেপান্তরে,
ধূর এখন আবার তেপান্তর কোথায় পাবো 
সব গিয়েছে দক্ষিণী মলে ইচ্ছে মতো জিনিস কিনতে ।


গাছের নীচে আরো একটি গাছের কথা তোমার জন্যে
লুকিয়ে রাখি,
তুমি আসবে এই আশ্বিনে পদ্ম আর কিছু ফুলের সাথে 
দুপুরে রোদে দাঁড়িয়ে আছি তুমি আসবে মেঘের সাথে 
পাল্লা দিয়ে ।
তিস্তার চরে কোন একদিন তোমাকে নিয়ে হারিয়ে যাবো 
স্বপ্নহীন সেই আকাশটাকে সঙ্গে করে ।

ভোরের কথা বলতে বলতে ঝাঁপিয়ে পড়বো মাঝ নদীতে 
একটা ঝিনুক খুঁজতে খুঁজতে তলিয়ে যাবো মেঘের স্রোতে 
তখন তুমি অন্য মনে কিলিপ হাতে দাঁড়িয়ে থাকবে 
জালানা খুলে 
ভুলো মনের কবিতাগুলো আপন মনে বলে ফেলবে 
তোমার কোন পুরুষ বুকে ।

এমন কেন হয় বলতো আমার দিকে তাকিয়ে থেকেও 
অন্য কিছু দেখতে পারো 
আমি শুধু তোমায় দেখি দরজা জানালা সবার সাথে 
চৌকাঠটা পেড়িয়ে এলেও তোমার গল্প মনে আসে ।
অন্য রকম কিছু হলে ভুল কি হতো অনেক কিছু 
আমার না সব ভুলে ভরা দুপুর কিমবা বিকেল বেলা,
তাই বলে কি জোছনা রাতে মহুয়া খেয়ে গাইতে পারি ?
তোমার জন্যে দু'চার পঙক্তি 
সুরহীন কোন সন্ধ্যা রাতে ।


এলোমেলো-১৪

আজ থেকে শুধু তোর সাথেই কথা বলবো
সে কথা আকাশের হোক অথবা বাতাসের
কি আসে যায় তাতে
ভুল কি ঠিক সেটাই বা ভাববো কেনো এমন দিনে ।

তোকেই ভাববো
তোকে নিয়েই লিখবো আগুনের জ্বালা,
বুকের মধ্যে লুকিয়ে থাকা ।
তোকেই নিয়ে পার হবো ফুটপাত অথবা নদীর স্রোত 
তোর সাথেই বদল করবো সিগারেটের শেষ টান ।

লিখতে লিখতে ফুঁ দিয়ে শিস দেবো 
তোর আলুথালু ঠোঁটে চুম্বন দেবো দিনে রাতে অথবা সন্ধ্যায় ।
তোর সাথেই তর্ক করবো 
তোর গলা জড়িয়ে ধরবো যখন ইচ্ছে
তুই কি করবি তোর ব্যাপার, আমাকে বলতে আসবি না ।
আমি শুধু আমার কথা জানি
আমার কথা বলি আমার মতো করে 
তোর ভালো লাগতেই হবে এমন তো কোন কথা নেই ।
যেমন আমার ঠোঁটের রঙটা তোর একদম পছন্দ না
তুই বললি আমি শুনলাম , এখানেই শেষ 
রঙ বদলাবো না ।
তো ইচ্ছে নাহলে সরে যাবি, লাগাবি না ঠোঁট আমার ঠোঁটে
কি আসে যায় তাতে ।
খেলনা গাছের নীচে কতদিন তো দাঁড়িয়ে থেকেছি তোর জন্যে
কই কখনো তো এলি না
আমি কি তোর কাছে জানতে চেয়েছি কিছু ?

সেদিনও চাইনি, আজো চাইবো না
কিন্তু আমি শুধু তোর সাথেই কথা বলবো, উত্তর নাও দিতে পারিস
সরে যেতে পারিস মেঘ হয়ে আকাশের অন্য কোণে 
অথবা বৃস্টি হয়ে ঝরে পড়তে পারিস 
আমার উঠোন থেকে অনেক মাইল দূরে 
কি আসে যায় তাতে 
মেঘ বৃস্টির গল্প মায়ের কাছেও শুনেছি অনেক বার ।


গত দুদিন

এই দু'দিনে আমি অনেকগুলো মানুষকে জিজ্ঞাসা
করেছি তোমার কথা,
তারা কেউ বলতে পারেনি তোমার ঠিকানা
শুধু এক বালিকা পূবের জোছনার দিকে চেয়ে বলেছি
'ওই তারাদের মাঝে
তোমার ঠিকানা হতে পারে' !
ওই চাঁদের বালুকায় এক নির্জন ঘরে
প্রতিবার পূর্ণিমাতে তোমাকে দেখায় যায় ।
গত পূর্ণ চাঁদের রাতে ভরাট জোছনায় তুমি এসেছিলে
মায়াবী-আলোময় শূন্যতার সৌরভে বিপন্ন দিগন্তের
কাছে এসে বলেছিলে
'একদিন আকাশের আলো নিভে গেলে দেখা হবে পদ্মা পারে' ।
আমি অপেক্ষা করেছিলাম
ভাষাহীন ক্যানভাসে
তিস্তার বাতাসের ঢেউ লেগেছিল তোমার শাড়ির আঁচলে
তুমি হেসেছিলে শুধু, সেদিন জোনাকীর বনে ।
মহুয়ার মাতালে এক উন্মাদ দোলায় দোদুল্যমান
তোমাকেই খুঁজেছিল তিস্তার চরে ।

এই দু'দিনে অনেকগুলো মিছিল হয়েছিল শহরে
এই দু'দিনে অনেকগুলো নীতি পরিবর্তন করেছে সরকার
এই দু'দিনে বাতাসে আদ্রতার পরিমাণটা কমে গেছে
এই দু'দিনে মৌলালীর মোড়ে ট্রাফিক সিগন্যালে
কেউ বলেনি 'বাবু দু'দিন খাবার জোটেনি এই ছোট ছেলেটার' ।

অক্ষর বিন্যাসে কিছু কিছু ভুল আমার হয়
এই দু'দিনে সেই ভুলগুলো তোমার জন্যে লিখতে পারিনি ।
ক্যানভাসের শব্দগুলো কথা বলেনি বহু যুগ ।
এই দু'দিনে তোমাকে লেখা হয়নি প্রেম
এই দু'দিনে বাড়ির বারান্দায় উড়ে আসেনি কোন পাখি
আমি শুধু অপেক্ষা করেছি
চাঁদের পৃথিবী থেকে কবে ফিরে আসবে তুমি আমার উঠোনে ।

এবং সময়...

এক পশলা বৃস্টি ভেজা দুপুর রোদে,
সময়টাকে হারিয়ে ফেলি
মাথার মধ্যের অংকগুলো
ভাঙা সিঁড়ির মধ্যে রাখি ।
শব্দহীন মেলার মাঠে অন্ধকারে
তোমাকে খুঁজি রাত অব্দি
কোথায় তুমি কেমন আছো
অন্ধকারের বৃত্ত মাঝে ।

সবই আছে ধূলো-কাদায়
নতুন কোন গল্পে লেখা তোমার কথা,
অনেক গল্প আমার জানা
কালো মেঘের বিকেল রোদে
জানালা খুলে সন্ধ্যাবেলায়
এক এক করে তারা গোনা ।

সেদিন ছিলাম আজো আছি
নির্বাক কিছু শব্দ নিয়ে
পাহাড়তলির মেঘের সাথে
বর্ণ-গন্ধে দৃশ্য থেকে তোমার জন্যে
আলোর বৃত্তে
নতুন করে পদ্য লেখা ।

উপরের তিনটি কবিতা ঃ

https://magazine.kolkata24x7.com/poetry/poetry-by-malay-majumder/

এইখানে বেড়িয়েছিল।

এলোমেলো -২৪

তোমাকে চুপি চুপি বলেছিলাম একটা বাগানের কথা
বহু বছর আগে 
একটা শতাব্দী অথবা তার চেয়েও বেশি দিন আগে 
সেদিনও কি বসন্ত ছিল ? আজ মনে নেই 
তবে আজ বসন্ত 
আজ তোমার জন্মদিন ।
বাগানের সব গাছ পাখি ফুল তোমার জন্যে কিনে ফেলেছে
নতুন কাপড়ে ঢাকা একটা মস্ত সামিয়ানা
তোমার জন্যে গান লিখেছে অনেক যুবক 
কেউ কেউ পদ্য লিখেছে সারারাত ধরে 
কেউ কেউ আগুনের সুখ নিতে বার বার ছুটে গেছে 
তোমার বারান্দার কাছাকাছি ।

আজ তোমার জন্মদিন 
দূরে আছি আমি 
একটা পাহাড়ী গাছের আড়ালে বসে 
তোমার জন্যে কিনে ফেলি এক ঝাঁক পাখিদের গান ।
আমার তো ভাষা নেই 
তাই লিখতে পারিনি কিছুই কোনদিন তোমার জন্যে ।
খাতা পেন্সিল আর অবয়বের ঘ্রাণে খুঁজেছি বারুদ 
চাঁদের জোছনায় ।

বহু যুগ খুঁজেছি তোমাতে 
আজ শুধু বারুদের ঘ্রাণে জ্বলুক আগুন 
পবিত্র অতীত নিয়ে রূপের জানালায় ।
বনপথে হেঁটে হেঁটে আসে বন্যতার আঁধার 
বৃক্ষতলে দৃশ্যিত অতীতের সাথে হাসে অন্ধের ধারাপাত ।
আজ বসন্তকাল
তোমার জন্মদিন ।


এলোমেলো -২৫

আমার স্বপ্নগুলো বড়ো বিদ্ঘুটে,
তুমি আমার সাথে দেখতেও পারো 
অথবা চলে যেতে পারো
অনেকটা দূরে ।

আমি বদলাবো না স্বপ্নের সাদা কালো রঙ
বাতাসের প্রেম ছোঁয়াচে ঠোঁটে লেগে থাকে,
কেউ আগুনের পাশে 
বদল করে ফুটপাত ।
কেউ শূন্যতার শরীরে জড়ো করে ডালপালা 
খড়-বিচুলি ।
উত্তাপহীন বন্যতা কখনো বা তরঙ্গ নির্ভর হয়ে পড়ে ।
তবু আমার স্বপ্নের দেহকেন্দ্রের কাছাকাছি
তুমি আসতে পারোনা ।
খবরে প্রকাশ এমনটাও হয় জীবনযাপনে 
কেউ কেউ এসে যায় স্বপ্নের রঙিন ফানুসে ।

কিন্তু কই আমার তো হলো না কিছুই ,
ভাঙা পাটতনে হোঁচট খেতে খেতে কখন যেন ফিরে গেলে
তুমি অচেনা ছবির ক্যানভাসে ।
এখন তো আর কিছু আসে যায় না
কেন তুমি গেলে, কোন ক্যানভাসে হলে তুমি ছবি ?
স্নানের বিস্ময়ের কাছে কতবার হলে জয়ী ?
পারাপার এই পথছায়া ধরে মৃত সব নাবিকের গানে 
জাহাজ এসে দাঁড়ালো ঘাটে ।

এলোমেলো -৩১

যতবার তোমাকে দেখতে চেয়েছি, প্রতিবার মুখ ঘুরিয়ে চলে গেছো অনেক দূরে,

আমার না হয় কান্না আসে না বুকে মাঝে

আমার না হয় স্বপ্ন আসে না চোখে ভাঁজে

প্রেম তো এসেছিল হৃদয়ের মাঝে
সেটাকেও খুন করে চলে গেলে বহু দূরে ।

যতবার তোমাকে শুনতে চেয়েছি গানের ভাষায়, গানের গল্প থেমে গেছে মধ্যরাতে,
আমার না হয় সুরের ভাষা অজানা ছিল
আমার না হয় স্বপ্ন সুরের গল্পগুলো পুরণো ছিল
তাই বলে কি প্রেমের গল্প হারিয়ে যাবে আমাকে ছেড়ে ।

এ কেমন জীবনরেখা
কোনো রঙই আসেনা চোখে
জীবন-শুধু আমাকে দেখে মিথ্যে কিছু অসাড় গল্পে ।


মৌলিক বিষাদ

-মলয় মজুমদার


কি পেলে এতো যুগ এতো বসন্ত রাগ করে থেকে
বাদামী ঘোড়ার দলও তো আসেনি তোমার উঠোনে ।
বাড়ির চারিদিকে আজো শেঁওলা জমে আছে
টিলার ওপারে আসেনি জঙ্গির দল,
রাজহাঁসের দল সময় করেই অতিক্রম করেছে দীঘি ।

কত রাত কত বসন্ত এবং কিছু শতাব্দী অপেক্ষা করেছি
শুধু তোমার জন্যে
জলপাই রঙের গাড়িগুলো পার করেছে রাতের আঁধার ।
ভোরের ঘুমও তো ভেঙেছে বহুকাল নৈঋত
মেঘের আড়ালে ।
কতদিন তোমাকে খুঁজেছি তারাদের দেশে
রাতের শেষ লোকালে ।
বুনো ফুলগুলো বহু বছর অপেক্ষায় থেকেছে আমারই
সাথে তোমার জন্যে ।

কি পেলে এতো যুগ এতো বসন্ত রাগ করে থেকে
আমার তো যাবার সময় হয়ে গেলো ,
চল্লিশের পেরিয়ে গেছে বছর ছয়েক আগে
চশমা কাচে এসেছে পারদের দাগ ।

রাতের বিছানায় বেসুরো প্রলাপের সাথে জেগে থাকি ।
চোখের বিস্ময়গুলো আজো গভীর নদীর সাথেই
কথা বলে
লুকনো শরবনে ।

তবু পূর্ণতা পাবো ভেবে এখনো তোমাকেই ডাকি
নিষিদ্ধ কবিতার মাঝে
অচেনা পাখির সুরে বিপন্ন হৃদয় নিয়ে জাহাজের ঘাটে ।


এলোমেলো -৪২

হাসতে হাসতে হারিয়ে যাবো বিন্দুহীন স্বপ্ন মেঘে
তোমার জন্যে ।
কোথায় তোমার অসুখ ? গ্রামে অথবা জনপদে ।
স্থির কিছুই নেই,
নিঃশব্দ আগুন ছাড়া বুকের মধ্যে ।

কেউ কেউ হাঁটতে হাঁটতেই হারিয়ে গেলো উদ্গ্রীবা
ওই চোখের ভাঁজে ।
কখনো মন তোমাকে খোঁজে বিষাক্ত এই দুপুর রোদে
অপর্যাপ্ত অতীত নিয়ে দিগ্বিদিক শূন্য করে ।
রঙিন স্বপ্ন বুকে নিয়ে সংশয়াচ্ছন্ন বিরক্তিগুলি
আমাকে ডাকে
নির্বাক কিছু পাখির সুরে অচেনা কোন বৃক্ষে বসে ।

সব কিছুই যেন বাক্যে বন্ধ দ্বিধাদন্দ্ব সময়ের সাথে
তুচ্ছ কিছু আমার জন্যে ছায়ার সাথে লেপ্টে আছে
অসম্ভব এক প্রাপ্তিযোগে ।

ক্ষতচিহ্ন বাড়তে বাড়তে সময় কখন পালিয়ে বাঁচে
শূন্য এক ইস্টিশানে ।
অন্তহীন এই অন্ধকারে লাফ দিয়ে কেউ হারিয়ে যাবে,
বিম্বিত এই গদ্যে পদ্যে উন্মাদনা মলিন হবে
বিন্দুহীন মেঘের স্বপ্নে,
তোমার জন্যে ।
চিত্ররূপ শুধু আয়না জানে নিশীথে বা দুপুর রোদে ।